বাবার কবরে একা কেন সোহেল তাজ

নঈম নিজাম

০৬ নভেম্বর ২০২৬

বাবার কবরে একা কেন সোহেল তাজ

Naem Nizam

ইতিহাসকে বিকৃত করা যায়। পরিবর্তন নয়। নিরাপত্তার অজুহাতে জাতীয় চার নেতার চিত্র প্রদশর্নী হয়নি ঢাকায়। সোহেল তাজ একাকী দাঁড়িয়ে বাবার কবর জিয়ারত করছেন। শেখ সেলিমের সঙ্গে বিরোধের জেরে সোহেল তাজ একদা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছেড়েছিলেন। সেই সময় মিডিয়াতে আমার অবস্থান ছিল সোহেল তাজের পক্ষে। তাঁর সব খবর সঠিকভাবে প্রকাশের জন্য কাপাসিয়ায় প্রতিনিধি নিয়োগ দিয়েছিলাম। প্রতিনিধির প্রতি নির্দেশ ছিল, সোহেল তাজের দেশ-বিদেশের সব খবর গুরুত্বসহকারে ও নির্ভুলভাবে পাঠাতে হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর তাজউদ্দীন আহমদের পুত্র সোহেল তাজ ও কন্যা শারমিন আহমেদ বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারে নামেন। তাঁরা হয়তো ভেবেছিলেন, বঙ্গবন্ধুকে খাটো করলে তাজউদ্দীন আহমদের অবস্থান আরও উজ্জ্বল হবে। তারা আওয়ামী লীগের মালিকানা পাবেন। নেতা কর্মীরা ফুলের মালা নিয়ে তাদের পিছনে ছুটবে। বিষটা এত সোজা না। সস্তাও না।

বাস্তবতা হলো, বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য দুই ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তাজউদ্দীন আহমদের রাজনৈতিক ইতিহাস পূর্ণাঙ্গ হয় না। তাজউদ্দীন আহমেদ রাজনীতি করেছেন বঙ্গবন্ধুকে নেতা মেনে। সত্য জানতে একটু পিছনে যেতে হয়। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মাওলানা ভাসানীর সঙ্গে দলের সাধারন সম্পাদক ছিলেন। ৫৪ সালের যুক্তফ্রন্টের নেতা ছিলেন। মন্ত্রী ছিলেন।

১৯৬৬ সালের ১৮-২০ মার্চ অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হন তাজউদ্দীন আহমদ। ওই কমিটিতে মিজানুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। তবে তিনিও সাধারণ সম্পাদক পদের দাবিদার ছিলেন। যার বয়ান আছে তার আত্মজীবনীতে। তখন মিজানুর রহমান চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগের পাঁচ জন সদস্যর একজন ছিলেন। সংসদীয় কার্যক্রমের কারণে তাঁকে প্রায়ই পশ্চিম পাকিস্তানে অবস্থান করতে হতো। এই কারণে তিনি কাউন্সিলে নিজেকে সরিয়ে নেন। কাউন্সিলে মিজান চৌধুরী দাঁড়ালে আর শেখ মুজিবুর রহমান তাজউদ্দীনকে সমর্থন না দিলে আজকের ইতিহাস ভিন্ন হতো । তাজউদ্দীন আহমদ ঢাকায় দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কারণে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক বেছে নেন তাজউদ্দীন আহমেদকে। ১৯৬৬ সাল থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পুরো মার্চ মাস ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ছিল ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের অন্যতম প্রধান ঠিকানা। ২৫ মার্চের কালরাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলে তাঁর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনার ঐতিহাসিক দায়িত্ব এসে পড়ে তাজউদ্দীন আহমদের ওপর। তিনি মুজিবনগর সরকার গঠন ও পরিচালনায় নেতৃত্ব দেন। সেই সময়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, শেষ মুহূর্তে বঙ্গবন্ধুর কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছিলেন।

তাজউদ্দীন আহমদের সন্তানদের বুঝতে হবে, বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তাঁদের ভূমিকা পরস্পরের পরিপূরক। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তাজউদ্দীন আহমদের রাজনৈতিক অবদানকে পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করা সম্ভব নয়। আওয়ামী লীগ ও শেখ মুজিব আলাদা কিছু নয়। আমৃত্যু তাজউদ্দিন আহমেদ আস্থা ও বিশ্বাস রেখেছিলেন বঙ্গবন্ধুর প্রতি। তার ছেলে মেয়ে ইতিহাস চাইলেও বিকৃত করতে পারবেন না। সাময়িক বাজারে আলোচনা ছাড়তে পারবেন। আর কিছু না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Has India Miscalculated Tarique Rahman?

০৫ এপ্রিল ২০২৬

ভয়ানক শংকার পদধ্বনি

২৮ অগাস্ট ২০২৬