ভয়ানক শংকার পদধ্বনি

ফকির ইলিয়াস

২৮ আগস্ট ২০২৬

ভয়ানক শংকার পদধ্বনি

Writer and Poet Fakir Ilias

‘তোমরা লিখবা, আমরা পিটাবো’ – এমনই এক ভয়ানক শংকার দিকে এগোচ্ছে বাংলাদেশ! শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় ৩ সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লাসহ ক্ষমতাসীন বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে ওই যুবদল নেতার বিরুদ্ধে। সাংবাদিকদের একজনকে মুঠোফোনে তিনি বলেন, ‘অনেকেই লিস্টে আছে, সন্ধ্যার পর খবর পেয়ে যাবে। তুমি নিজেও তৈরি থাকো, ইনশাআল্লাহ-তোমরা লিখবা, আর আমরা তোমাদের পিটাব।’

২৫ আগস্ট সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, জাগো নিউজ ও খবরের কাগজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, দ্য ডেইলি স্টারের শরীয়তপুর ও মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান রনি এবং এদিনের জেলা প্রতিনিধি বরকত উল্লাহ আহত হন। পরে তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি জেলা প্রশাসন, শরীয়তপুর প্রেসক্লাবকে লিখিত নোটিশ না দিয়ে প্রেসক্লাবের সীমানা প্রাচীর ভেঙে দেয়। এর প্রতিবাদে প্রেসক্লাবের সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। তাদের অভিযোগ, সাংবাদিকেরা জেলা প্রশাসকের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করেছেন। সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে প্রথমে বিধান মজুমদার অনিকে মারধর করা হয় বলে অভিযোগ। বিধানের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমান মাদবরসহ কয়েকজন তাকে মারধর করেন।

এর কিছুক্ষণ পর সংবাদ সংগ্রহের সময় জাহিদ হাসান রনি ও বরকত উল্লাহকেও মারধর করা হয় বলে অভিযোগ। জাহিদ হাসান রনির মুঠোফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয় বলেও তিনি অভিযোগ করেছেন। খবরের কাগজের প্রতিনিধি বিধান মজুমদার অনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে আমার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। একপর্যায়ে কয়েকজনের সহযোগিতায় কোনোভাবে ঘটনাস্থল থেকে সরে আসি। আমি এ ঘটনার বিচার চাই।’

জাহিদ হাসান রনি বলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লাসহ কয়েকজন তাকে মারধর করেন। পরে তার পরিচয়পত্র ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা হয়। বরকত উল্লাহ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে আরিফুজ্জামান মোল্লা তাকে উদ্দেশ করে বলেন, ‘ও সাংবাদিক, ওকে ধর।’ এরপর তার নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালান। তাকে কিল, ঘুষি ও লাথি মারা হয় এবং মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

বরকত উল্লাহ আরও বলেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে তার ওপর হামলা ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এই হচ্ছে এখন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা! গণতন্ত্রের নামে মানুষের টুঁটি চেপে ধরা হচ্ছে!

দেশে গুপ্তহত্যা চরম রূপ ধারণ করেছে। রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে করেছেন নাগরিকরা। এই ঘটনায় গ্রেপ্তার দুজনকে নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে তারও অবসান দাবি করেন তারা। নগরীর প্রেস ক্লাবের সামনে রংপুর মহানগর নাগরিক কমিটির ডাকে আয়োজিত মানববন্ধনে বক্তারা এই দাবি করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ ছড়া শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে হত্যার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শহরে বিক্ষোভ করেছে জিলা স্কুলের শিক্ষার্থীরাও।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। শুধু গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নয়, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে তা নিয়ে নগরীর মানুষ সন্তুষ্ট হতে পারেনি। একটা ঘনবসতিপূর্ণ এলাকায় চারজনকে হত্যা করা হয়েছে, কোনো আর্তনাদ-চিৎকার কোনো প্রতিবেশী শুনতে পায়নি এটি কিন্তু আসলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি।

তারা বলছেন, “চারটি লাশ দুর্গন্ধ ছড়াল, সেটি কি আশপাশের কারো নাকে লাগেনি? আমরা এটি প্রশ্ন রাখতে চাই। বাড়িতে সেদিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল কে? পাশের নিরাপদ নির্মাণাধীন তিনতলা বাড়ি রেখে যে বাড়িতে লোকজন বসবাস করে সেখানে দুজন ইয়াবা সেবন করতে আসবে? খুনের পর আসামিদের যে স্বাভাবিক আচরণের কথা বলা হয়েছে, তা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন আছে। ইয়াবা সেবনের পর তারা কি সুস্থ মাথায় এই কাজগুলো করতে পারে?”

অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, “আমাদের কাছে মনে হচ্ছে যে, পুরো ব্যাপারটি নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে এবং জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আমরা চাই যে, সেই প্রশ্নের অবসান হোক।” পলাশ কান্তি নাগ বলেন, শিক্ষক গণপতি চক্রবর্তী এক বছর থেকে বাড়ির নির্মাণ কাজ করতে গিয়ে নানাভাবে হুমকি-ধামকির শিকার হয়েছেন। তাহলে কারা তাকে হুমকি দিল? কোন দাদারা হুমকি দিল? কোন বড় ভাইরা হুমকি দিল? আমরা তো এটি জানতে চাই।”

অন্য বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। তাই দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এতে বক্তব্য দেন রংপুর মহানগর সাগরিক কমিটির সদস্য বিজয় প্রসাদ তপু, বিথী রানী দাস, অধ্যাপক আব্দুস সোবাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শিক্ষক মওদুদ আহমেদ, শিক্ষক আশিকুল ইসলাম, আমিনুদ্দিন বিএসসি, মশিউর রহমান।

বাংলাদেশে কঠিন এক অন্ধকার নেমে এসেছে। যারা সরকারে আছেন, তারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না। এটা কি সেই বৈষম্য বিরোধের নামের মহড়ার অংশ?
দেশে মবতন্ত্র চলছেই। এর মাঝেই কেউ কেউ ‘জুলাই আকাংখা’ বাস্তবায়নের নামে লজ্জাষ্কর কথাবার্তা বলছেন। জুলাই গণ-অভ্যুত্থানের নিপীড়ন ও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্খা বাস্তবায়ন এবং সব ধরনের মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিকার সংগঠনটি বলেছে, বিচারের নামে মিথ্যা মামলা, ত্রুটিপূর্ণ বিচারপ্রক্রিয়া, আটক-বাণিজ্য প্রকৃত অপরাধীদের বিচারের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। অপরাধীদের যথাযথ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

গত জুলাই মাসে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভায় এসব কথা বলা হয়। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন এবং সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিসহ ‘জাতীয় স্বার্থবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে অধিকার কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকার কমিটির গতকালের সভায় দেশে ক্রমবর্ধমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় হেফাজতে খুনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গত ২৪ জুন খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ কর্মী ববিন ত্রিপুরা খুন এবং মাটিরাঙ্গা, রামগড় ও গুইমারায় রাজনৈতিক ধরপাকড়ের নিন্দা জানান অধিকার কমিটির নেতারা।

সম্প্রতি গাজীপুরে পোশাকশ্রমিক রুবিনা বেগমের মৃত্যু সম্পর্কে অধিকার কমিটির নেতারা বলেন, রুবিনা বেগম কারখানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে কারখানার অবহেলায় ছুটি না পেয়ে মৃত্যুবরণ করেন। তারা আরো বলেন, গাজীপুরে সাত পোশাক কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে, ছাঁটাইয়ের কারণে এবং কারখানার অবহেলাজনিত শ্রমিকের মৃত্যুবরণের ঘটনায় বিক্ষোভ চলমান রেখেছেন। কারখানার অবহেলার কারণে শ্রমিকের মৃত্যুর ঘটনার বিচার এবং শ্রমিকদের ন্যায্য বেতন ও শ্রমের অধিকার নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অধিকার কমিটি। এসব দাবি জানানোদের মাঝে আছেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, কমিটির সদস্য অধ্যাপক সামিনা লুৎফা, চিকিৎসক হারুন উর রশীদ ও নাজমুস সাকিবসহ আরও কয়েকজন।

আমার কথা হলো, কি বলছেন তারা ? তাদের কথা শোনার জন্য কি এই সরকার জঙ্গিবাদকে মদত দিচ্ছে ? দেশের গ্রামে গ্রামান্তরে এখন দখলের মহড়া। সরকারি দল লুটপাটে ব্যস্ত। বিদ্যুৎ নেই। পানি নেই। হামে আক্রান্ত শিশুরা। কী এক বিষাদ চারিদিকে! বাংলাদেশ কি এই ভবিষ্যত কামনা করেছিল? এর জবাব কে দেবে আজ?

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Has India Miscalculated Tarique Rahman?

০৫ এপ্রিল ২০২৬