মওলানা ভাসানীর আওয়ামী লীগ ত্যাগ, আসসালামু আলাইকুম

নঈম নিজাম

২১ নভেম্বর ২০২৬

মওলানা ভাসানীর আওয়ামী লীগ ত্যাগ, আসসালামু আলাইকুম

Naem Nizam

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির নাম মনে আছে কি? তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, উদার ও প্রগতিশীল রাজনীতিবিদ। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে পাকিস্তানের মার্কিন বৈদেশিক নীতি, সামরিক জোট এবং পূর্ববাংলার স্বায়ত্তশাসন নিয়ে তীব্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

ভাসানী জানতেন, দল ছাড়ার ঘোষণা দিলে তাঁকে ধরে রাখার জন্য দলের নেতা-কর্মীরা নানা চেষ্টা করবেন। আবুল মনসুর আহমদের স্মৃতিচারণ অনুযায়ী, এ কারণেই মওলানা ভাসানী তাঁর পদত্যাগপত্র গোপনে বিশ্বস্ত নেতা অলি আহাদের হাতে তুলে দেন। তাঁকে নির্দেশ দেন, একটি পত্রিকায় চিঠিটি প্রকাশের ব্যবস্থা করতে। পুরো বিষয়টি যেন গোপন থাকে, সে ব্যাপারেও সতর্ক করে দেন। অলি আহাদ তাঁর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। পরদিন একটি মাত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়, মওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। অথচ তখনো দলীয় কার্যালয়ে তাঁর পদত্যাগপত্র পৌঁছায়নি।

মওলানা ভাসানীর আয়োজনে ঐতিহাসিক কাগমারী সম্মেলন সফল হয়েছিল। এই সম্মেলনে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যোগ দিয়েছিল। ওই দলের নেতৃত্বে ছিলেন ভারতের বিখ্যাত ও আলোচিত ব্যক্তিত্ব হুমায়ুন কবীর। তিনি একসময় মওলানা আবুল কালাম আজাদের রাজনৈতিক সচিব ছিলেন এবং পরবর্তী সময়ে ভারতের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রতিনিধিদলে আরও ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রবোধকুমার স্যানাল, নরেন্দ্র দেব, রাধারাণী দেবী এবং কাজী আবদুল ওদুদের মতো খ্যাতিমান সাহিত্যিক ও সংস্কৃতিজনেরা।

গাজীউল হকের স্মৃতিচারণে কাগমারীর এই সাংস্কৃতিক মিলনের এক অসাধারণ ছবি পাওয়া যায়। তাঁর বর্ণনায়, দেশভাগের রাজনৈতিক বিভাজন দুই বাংলার মানুষের সাংস্কৃতিক আত্মীয়তাকে মুছে দিতে পারেনি। কাগমারীর সম্মেলনে সেই আত্মীয়তারই আবেগঘন প্রকাশ ঘটেছিল।

সম্মেলনে মওলানা ভাসানী পূর্ববাংলার স্বায়ত্তশাসনের দাবি এবং পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে তাঁর অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। পাকিস্তানের তৎকালীন শাসকগোষ্ঠীর প্রতি তাঁর রাজনৈতিক অসন্তোষ ক্রমেই বাড়ছিল।

বিশেষ করে পূর্ববাংলার মানুষের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক অধিকারহীনতা এবং পশ্চিম পাকিস্তানকেন্দ্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তাঁর কাছে রাজনীতি ছিল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ক্ষমতার রাজনীতির চেয়ে জনগণের স্বার্থ ও আত্মমর্যাদাকে তিনি বেশি গুরুত্ব দিতেন।

তাঁর সেই ঐতিহাসিক উচ্চারণ ছিল, “আসসালামু আলাইকুম।” মাত্র দুটি শব্দ। কিন্তু পরবর্তীকালে এই উচ্চারণ পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বিচ্ছেদের প্রতীকী বার্তা হিসেবে বাংলাদেশের ইতিহাসে বিশেষ তাৎপর্য অর্জন করে।

১৯৭১ সালে মওলানা ভাসানী মুজিবনগর সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানান। নরসিংদীর শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়াসহ তাঁর অনুসারীরা মুক্তিযুদ্ধের সংগঠকের ভ‚মিকা পালন করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি স্নেহ করতেন। অন্যদিকে বঙ্গবন্ধুও তাঁকে গভীর শ্রদ্ধা করতেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দুই নেতার সম্পর্ক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বঙ্গবন্ধু ক্ষমতায় গিয়ে সেই সম্পর্কের কথা ভুলেননি। প্রতি ঈদে বঙ্গবন্ধু উপহার পাঠাতেন ভাসানীর জন্য। অনেক সময় নিজেও গোপনে গিয়ে সাক্ষাৎ করে আসতেন। কাদের সিদ্দিকীর প্রতি নির্দেশ ছিল হুজুরের নিয়মিত খোঁজ নেওয়ার জন্য।
মাওলনা ভাসানী অন্যায়ের প্রতিবাদ সকল আমলেই করতেন। তিনি মাথা নোয়ানোর রাজনীতি করতেন না।

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গÐিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। মানুষের অধিকার, স্বায়ত্তশাসন, সাম্রাজ্যবাদবিরোধিতা এবং শোষণমুক্ত সমাজের প্রশ্নে নিজের অবস্থান থেকে বারবার কথা বলেছেন।

রাজনৈতিক মতপার্থক্যের কারণে দল ত্যাগ করলেও জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। ইতিহাসে তাঁর পরিচয় শুধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নয়, বরং এ দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে অম্লান হয়ে আছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Has India Miscalculated Tarique Rahman?

০৫ এপ্রিল ২০২৬

ভয়ানক শংকার পদধ্বনি

২৮ অগাস্ট ২০২৬