নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৬
বিরামহীন তুষারঝড়ের কবলে নিউইয়র্ক সিটির সাউথ জ্যামাইকা, ছবিটি সোমবার সকালের-জাগো প্রহরী।
দুই ক্যাটাগরির হারিকেনের মতো যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ৮ স্টেটে রবিবার শুরু হওয়া ভয়ংকর তুষারঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন। সোমবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) এ সংবাদ লেখা পর্যন্ত সময়ে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ম্যাসেচুসেটস, নিউ হ্যামশায়ার এবং ভার্জিনিয়া স্টেটে ১৯ ইঞ্চি থেকে দুই ফুট পর্যন্ত তুষার পাতের তথ্য জানিয়েছে জাতীয় আবহাওয়া দফতর। রবিবার রাতভর ৫০ থেকে ৫৫ মাইল বেগে ঝড়ের সাথে তুষারপাতের ঘটনায় সাড়ে ৫ হাজার ফ্লাইট (জাতীয় ও আন্তর্জাতিক) বাতিল এবং সোমবার সকাল নাগাদ আরো ৯ হাজার ফ্লাইট বিলম্বিত হচ্ছে বলে ফ্লাইটের গতিবিধি মনিটরিংয়ে নিয়োজিত ‘ফ্লাইটএওয়্যার’ ওয়েবসাইট জানায়।
জাতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার রাত নাগাদ এই তান্ডব অব্যাহত থাকবে। আগেই জানানো হয়েছে যে, এক মাসের ব্যবধানে প্রায় একই এলাকার ওপর দিয়ে প্রলংকরী এই তুষার ঝড়ের আভাস পেয়ে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, দেলওয়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, এবং ম্যাসেচুসেটস স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট স্টেটে সগক-মহাসড়কে জরুরি প্রয়োজনীয় যানবাহন ছাড়া সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শও রয়েছে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির পক্ষ থেকে। এই দুর্যোগ কবলি এলাকার স্কুলে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। অফিস-আদালত আপনা-আপনি বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়া অথবা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় আসায়।
সিটি, স্টেট এবং কাউন্টি প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল নাগাদ ৩ লাখ ৬৬ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তুষারঝড়ের কবলে পড়া ৪ কোটি আমেরিকানের মধ্যে ৫ লক্ষাধিক বাংলাদেশি আমেরিকানও রয়েছেন বলে কমিউনিটির সংগঠন সূত্রে জানা গেছে। রবিবার দিন ও রাতে তুষারঝড়ে জবু-থবু হয়ে পড়া এলাকার ব্যবসা-বাণিজ্যও স্থবিরতায় আক্রান্ত হয়েছে। কারণ সড়ক-মহাসড়কে ন্যাশনাল গার্ড, স্টেট পুলিশ, সিটি পুলিশ, এ্যাম্বুলেন্স আর তুষার অপসারণের যানবাহনেরই শুধু দেখা মিলছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী নিউইয়র্ক স্টেটের সেন্টার মরিসে ১৯.৮ ইঞ্চি, নিউজার্সি স্টেটের ফ্রিহোল্ডে ১৯ ইঞ্চি, মাউন্ট হোলিতে ১৮.৫ ইঞ্চি, পেনসিলভেনিয়ার ফেয়ারলেস হীলসে ১৮ ইঞ্চি, দেলওয়ার স্টেটে ১৮ ইঞ্চি তুষারপাতের ঘটনা ঘটেছে। অবিরাম এই ধারা সোমবার রাত নাগাদ অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতর উল্লেখ করেছে।