নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ইউনূসকে ‘হেনস্তা’

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ইউনূসকে ‘হেনস্তা’

Dr. Yunus harassed at JFK

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ‘হেনস্তা’র অভিযোগ উঠেছে। প্রবাসী বাংলাদেশি বিশেষ করে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বাক্যবানে হেনস্তার এ অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার বিকাল পৌনে ৪টায়। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইল চেয়ারে করে বের হওয়ার সময় প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েন এ নোবেলজয়ী। এসময় ইউনূসের পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, এদিন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছান ড. ইউনূস। এরপর বিমানবন্দরের টার্মিনাল থেকে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় ওই ঘটনা ঘটে।

সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়। এসময় হেনস্তাকারীরা তার পিছে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, “ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ। ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট, হোয়াই ইউ কাম হিয়ার?… হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হান্ড্রেড থাউজ্যান্ড… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।”

এ ঘটনা নিয়ে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

এদিকে ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।

সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠনের আপত্তির পর তার এ সিদ্ধান্তের কথা জানা যায়। সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই জানানো হয়েছিল। তবে সম্মেলনের আগ মুহূর্তে বক্তার তালিকায় তার নাম আর দেখা যায়নি।

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার : জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. জাহেদ উর রহমানবলেন, ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিমানবন্দরে তাকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়াই তার বিরুদ্ধে হেনস্তার চেষ্টার কারণ বলে মনে করা হচ্ছে। ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে। তিনি নিজেও দেশে বসে সেই সমালোচনা করেছেন। কিন্তু এ ধরনের হেনস্তা গ্রহণযোগ্য নয়।

সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর (প্রতিমন্ত্রী) ক্ষেত্রেও একই ধরনের আচরণের চেষ্টা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রীও হেনস্তার শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

এসব ঘটনাকে সরকার আওয়ামী লীগের সন্ত্রাস হিসেবে দেখছে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, ওই অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে মর্যাদা (ভিভিআইপি) পাওয়ার কথা, যুক্তরাষ্ট্রে তার নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা সরকার খতিয়ে দেখবে।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত