মো. আবুল কাশেম
২১ অক্টোবর ২০২৬
Madani Mosque Fund Raising
প্রায় তিন মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য উডসাইড মাদানী মসজিদ প্রকল্পের ফান্ড রাইজিং ডিনার গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির কুইন্সের উডসাইড এভিনিউ ও ৬৯ স্ট্রীটে অবস্থিত মাদানী মসজিদ ও পার্শ্ববর্তী বাড়ি মিলিয়ে বিশাল আকারে ২৫ হাজার বর্গ ফুটের চারতলা বিশিষ্ট মাদানী মসজিদ ও মুসলিম সেন্টার নির্মিত হতে যাচ্ছে। এই উপলক্ষে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হলো উড সাইডের ৫৮ ম্যানর সেন্টারে। অনুষ্ঠানে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক আজিজ ওসমানী ও মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ খলিল উল্লাহ । প্রকল্পটি বাস্তবায়নে প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে বলে জানানো হয় । মসজিদটি নির্মাণে আর্থিক সহযোগিতা করার জন্য ধর্মপ্রাণ সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফান্ড রাইজিং অনুষ্ঠানে আশানুরূপ সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি।
উল্লেখ্য যে, বিগত ২০১০ ফিলিপিয়ান চার্চ ক্রয় করে মাদানী মসজিদ ও মুসলিম সেন্টার প্রতিষ্ঠা করা হয় । বর্তমানে মসজিদে মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় মসজিদ-সংলগ্ন পার্শ্ববর্তী বাড়ি কিনে বিশাল আকারে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।