কবি ফররুখ আহমদ ও কবি আবুল হাসানকে স্মরণ

নিউইয়র্কে প্রবাহ’র ২৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে প্রবাহ’র ২৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত

Probaho Literary Meet

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্রের ২৩তম সাহিত্য সভা। বাংলা সাহিত্যের দুই বিশিষ্ট কবি ফররুখ আহমদ ও আবুল হাসানকে স্মরণ করে আয়োজিত এ সভায় আলোচনা, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে গড়ে ওঠে সাহিত্য-সংস্কৃতির এক প্রাণবন্ত আসর।

Probaho Literary Meet

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে. এম. ফজলুল হক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কবি আবুল বাশার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও সংগঠক সোহেল হামিদ।

সভায় বক্তব্য ও সাহিত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন টিভি উপস্থাপক ও বাচিক শিল্পী জি. এম. ফারুক খান, বাচিক শিল্পী এম. এ. সাদেক, কবি ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আজিজুর রহমান এবং কবি, ছড়াকার ও রম্যরচয়িতা মো. মোশাররফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এইচ. এম. হোসেন, মোহাম্মদ আব্দুর রউফসহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা কবি ফররুখ আহমদের কাব্যপ্রতিভা, ইসলামী চেতনা ও স্বতন্ত্র সাহিত্যদর্শন এবং কবি আবুল হাসানের আধুনিক কাব্যভাষা, জীবনবোধ ও মানবিক অনুভূতির বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলা সাহিত্যে এই দুই কবির অনন্য অবদানের কথা তাঁরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জি. এম. ফারুক খান কবি আবুল হাসানের একটি কবিতা এবং ভবানীপ্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’ কবিতাটি আবৃত্তি করেন।

এম. এ. সাদেক কবি ফররুখ আহমদের সমাধিস্থল পরিদর্শনের স্মৃতিচারণ করে বলেন, কবি ফররুখ যথাযথ মূল্যায়ন ও মর্যাদা থেকে বঞ্চিত। তিনি কবির বিখ্যাত ‘পাঞ্জেরী’ কবিতাটি আবৃত্তি করেন।
মো. মোশাররফ হোসেন বলেন, কবি ফররুখ আহমদ তাঁর পাশাপাশি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তাঁর স্বকীয় বিশ্বাস ও আদর্শে তিনি অবিচল ছিলেন। কোনো পরিস্থিতিতেই তিনি মাথা নত করেননি। এ সময় তিনি তাঁর স্বরচিত কবিতা পাঠ করেন।

মোহাম্মদ আজিজুর রহমান বলেন, কবি ফররুখ কারও প্রতি আনুগত্য প্রকাশ না করে তাঁর লেখনীর মাধ্যমে ইসলামী চিন্তা, চেতনা ও আদর্শ তুলে ধরেছেন। ‘লাশ’ কবিতাকে তিনি কবির এক অমর সৃষ্টি হিসেবে উল্লেখ করেন।

আবুল বাশার কবি ফররুখ আহমদকে ইসলামী পুনর্জাগরণের কবি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কবি আল মাহমুদও কবি ফররুখের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গে তাঁর জীবনের বাঁক পরিবর্তনে ফররুখ আহমদের অবদানের কথা স্মরণ করেছেন।

অনুষ্ঠানের উপস্থাপক সোহেল হামিদ কবি আবুল হাসানকে ষাট ও সত্তরের দশকের অন্যতম সৃষ্টিশীল কবি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আবুল হাসানের কবিতা পাঠকহৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করে। মাত্র ২৮ বছর বয়সে ১৯৭৫ সালের নভেম্বরে তাঁর অকালমৃত্যু বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি।

মোহাম্মদ আব্দুর রউফ কবি আবুল হাসানের ‘একলা বাতাস’ কবিতাটি পাঠ করেন। স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের এ আয়োজন ছিলো তাৎপর্যপূর্ণ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত