অনলাইন পোর্টাল ‘দ‍্য প্রবাসী’র আয়োজনে লেখক-সাংবাদিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৬

অনলাইন পোর্টাল ‘দ‍্য প্রবাসী’র আয়োজনে লেখক-সাংবাদিকদের মিলনমেলা

Get-together of Journos in NY By courtesy of online portal The Probasi

কানাডা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দ‍্য প্রবাসী’র আয়োজনে বিশিষ্ট লেখক, সম্পাদক ও সাংবাদিকদের এক চমৎকার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে বিশ্বের রাজধানী হিসেবে সুপরিচিত নিউ ইয়র্কে। গত ১৩ নভেম্বর বৃষ্টিস্নাত সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ‘আড্ডা’ রেস্টুরেন্টে আয়োজিত এই মিলনমেলায় যোগ দিয়েছিলেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী লেখক, সম্পাদক ও সাংবাদিক। এর বাইরে বেশ কয়েকজন রাজনীতিবিদ, সমাজকর্মী ও কমিউনিটি নেতার উপস্থিতি এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তুলে।

Journalists get together in NY

‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং বিশিষ্ট সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের নিউ ইয়র্ক সফর উপলক্ষে ছিল এই মিলনমেলার আয়োজন। যার পেছনে মূল অবদান রেখেছেন বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি খ‍্যাতিমান শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী।

এতে যোগ দেন সাপ্তাহিক ‘জাগো প্রহরী’র সম্পাদক ও প্রকাশক ড. মাহাবুবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, অনলাইন নিউজ পোর্টাল ‘খবর ডটকম’-এর প্রকাশক, সম্পাদক ও লেখক শিব্বীর আহমেদ, জাগো প্রহরীর সহকারী সম্পাদক মো. আবুল কাশেম, ‘প্রজ্ঞা’ পত্রিকার সম্পাদক উত্তম কুমার সাহা এবং সাপ্তাহিক ‘ঠিকানা’র বার্তা প্রধান শহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নালন্দা প্রকাশনীর স্বত্বাধিকারী রেদওয়ানুর রহমান জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা আবিদ হোসেন, সমাজসেবক মোহাম্মদ আবীর এবং লেনিন।

মূল আনুষ্ঠানিক আড্ডা শুরু হওয়ার আগে পূর্বনির্ধারিত কর্মসূচি ও ব্যস্ততার কারণে ‘দ্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের সাথে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ সেরে বিদায় নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ‘বাংলা গেজেটে’র সম্পাদক লাভলু আনসার, সাপ্তাহিক ‘সন্ধান’ পত্রিকার সম্পাদক সঞ্জিবন সরকার এবং ‘এটিএন বাংলা ইউএসএ’-র বার্তা সম্পাদক কানু দত্ত।

সভার শুরুতে আড্ডার মধ্যমণি মনিরুজ জামান উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কুশল বিনিময়ের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হন। এর পরেই শুরু হয় বাঙালির আবহমানকালের চিরাচরিত প্রাণখোলা আড্ডা ও মননশীল আলোচনা।

আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রবাস জীবন এবং মাতৃভূমির বর্তমান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চালচিত্র। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিটি আলোচকের চোখে-মুখে ফুটে ওঠে গভীর উদ্বেগ। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, স্বাধীনতা বিরোধী শক্তির ক্ষমতা দখল ও আস্ফালন, মবসন্ত্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, লাগামহীন দুর্নীতি এবং আইনের অপব্যবহার নিয়ে উপস্থিত প্রত্যেকেই যার যার অবস্থান থেকে জোরালো বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ করে ‘দ‍্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামানের অত্যন্ত আবেগঘন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ বক্তৃতা উপস্থিত সকলের মনে গভীর দাগ কাটে। তিনি বলেন, “আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, নিজ জন্মভূমির প্রতি আমাদের যেমন রয়েছে অপার ভালোবাসা, তেমনই রয়েছে এক গভীর দায়বদ্ধতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য নেতৃত্বে পরাধীনতার রক্তক্ষয়ী শৃঙ্খল ভেঙে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু চব্বিশের ৫ আগস্টের পর আমরা দেশে কি দেখতে পাচ্ছি।”

মনিরুজ জামান বলেন, চব্বিশের ৫ আগস্টের পর এই স্বাধীন দেশের মাটিতে জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতিটি পবিত্র স্মৃতিচিহ্ন সুপরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে, বীর মুক্তিযোদ্ধাদের অপমান ও নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আজ চাঁদাবাজি ও নানামুখী হয়রানির শিকার হয়ে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের এখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা।

তিনি বলেন অতীতে দেশের প্রায় প্রতিটি সরকারের সময়ই কমবেশি উন্নয়ন হয়েছে, কিন্তু পনেরো বছরের শাসনামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তা সত্যিই বিস্ময়কর এবং তা সারা বিশ্বের দরবারে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।  “অথচ ৫ আগস্টের পর সেই উন্নয়নের বহু অর্জনই রাজনৈতিক হিংসার বলি হয়ে ধ্বংস করা হয়েছে, যা আমাদের মতো দেশপ্রেমিক মানুষের হৃদয়ে গভীর রক্তক্ষরণ ঘটায়,” তিনি যোগ করেন।

জাগো প্রহরীর সম্পাদক ড. মাহাবুবুর রহমান সাংবাদিকতা ও পত্রিকা প্রকাশের প্রতি তাঁর ভালোবাসা ও ইচ্ছার কথা উল্লেখ করে বলেন, “আমি দেশে থাকতেই এই পত্রিকা প্রকাশ শুরু করি। আমেরিকা আসার পর কিছুদিন বন্ধ ছিল। কিন্তু যখন দেখলাম আমাদের কথা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের কথা, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা কোনো পত্রিকা বলছে না, তখন আবারো জাগো প্রহরী প্রকাশের জন্য প্রস্তুত হলাম এবং প্রকাশ শুরু করলাম।” তিনি তাঁর পত্রিকা প্রকাশনা অব্যাহত রাখতে এবং এর মান আরও বাড়ানোর জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কথামালার ক্যানভাসে যোগ দেন সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর দীর্ঘ সাধনার লেখালেখির কথা এবং তার ফলে স্বাধীনতা বিরোধীদের দ্বারা বারবার হেনস্তা ও নিগৃহীত হওয়ার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে আমি যখন লেখালেখি শুরু করি, সে সময়টা খুব সহজ ছিল না। তখন অনেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কলম ধরার ন্যূনতম সাহস পেত না। কিন্তু আমি প্রতিকূলতাকে উপেক্ষা করেই লিখে গেছি। আমার লেখনীর মাধ্যমে বারবার এই দেশের স্বাধীনতা বিরোধীদের আসল মুখোশ উন্মোচন করার চেষ্টা করেছি। কানাডায় পালিয়ে থাকা কুখ্যাত খুনি নুর চৌধুরীর বাসার গেটেও আমি জুতা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে পিছপা হইনি।”

আলোচনায় অংশ নিয়ে বিএফইউজের প্রাক্তন মহাসচিব শাবান মাহমুদ তাঁর স্কুলজীবন থেকে শুরু করে ছাত্র রাজনীতি ও সাংবাদিকতা জীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণা করেন। তিনি জানান, কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ছাত্র রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার পবিত্র ব্রতকে তিনি লালন করে গেছেন।

ওয়াশিংটন দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ তাঁর আলোচনায় তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন পর্ব ও দীর্ঘ তিন দশকের পেশাগত জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোকপাত করেন।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি কতৃর্ক ৫ আগস্ট ক্ষমতা দখলের পর দেশে ভয়াবহ সন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্য চলছে। এই অবস্থায় দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য তিনি মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সভার অন্যান্য বক্তার আলোচনার মূল কথা ছিলো মাতৃভূমিকে ভালোবেসে নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় আবার এটিকে সমৃদ্ধ করে তুলতে হবে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশবিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে উন্নয়ন ও অগ্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই জমজমাট আলোচনা ও আড্ডার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে সকলের অংশগ্রহণে প্রীতিভোজ ও ছবি তোলার মধ্য দিয়ে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত