নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৬
Dr. A K Abdul Momen speaks at NY event
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বর্তমান অন্ধকার যুগ থেকে আবার আলোর পথে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় ভারতের নয়া দিল্লি থেকে টেলিফোনে যুক্ত হয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশের কিংবদন্তি ক্রীড়া সংগঠক এবং ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের স্মরণে যুক্তরাষ্ট্র আবাহনী ক্রীড়া চক্র ও যুক্তরাষ্ট্র শেখ কামাল স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশ একটা অন্ধকার যুগে প্রবেশ করেছে। সেই থেকে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছুই নাই এবং ১২ ফেব্রুয়ারির পাতানো নির্বাচন গোটা দেশটাকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছে।
দেশে ও বিদেশে অবস্থানরত সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে তিনি বলেন, “আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই যেন এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে যেন আবার আলোর পথে নিয়ে যেতে পারি।”
আওয়ামী লীগ সভানেত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে “স্মার্ট বাংলাদেশে” পরিণত করার দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, “এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা আমার করা আছে। বাস্তবতার আলোকে বর্তমানের অরাজক পরিস্থিতিতে বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে কীভাবে পুনরুদ্ধার করা যায়, তার পরিকল্পনা আমি ইতোমধ্যে করে ফেলেছি।”
অনুষ্ঠানে শেখ হাসিনা বাংলাদেশে বর্তমানে বিরাজমান নৈরাজ্য ও অরাজক পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জীবনে কোন নিরাপত্তা নাই এবং তাঁদের হাহাকার আজ চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রব্যমূল্য আকাশচুম্বি। আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চরম নির্যাতন ও অত্যাচার চলছে। মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার পর কারাগারে নেয়া হচ্ছে। অথচ সাজাপ্রাপ্ত রাজাকারদের ফুলের মালা পরিয়ে জেলখানা থেকে মুক্ত করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে তারা নাকি আপিল করতে পারে না। অথচ যেসব ঘাতক-রাজাকারকে পূর্বে শাস্তি দেয়া হয়েছিল, তারা আপিলই করে কীভাবে, আর ছাড়াই বা পায় কীভাবে। এই যে অবিচার ও দ্বিচারিতা বাংলাদেশে চলছে, আমি খুঁজে পাইনা এটা কীভাবে সম্ভব?
ঢাকা আবাহনীর সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঁচ বারের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তিনি বলেন, আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের সকল উদ্যোগের নিরন্তর সহযোগী ছিলেন হারুনুর রশীদ। তার মৃত্যুতে আবাহনীর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
আবাহনী ক্রীড়া চক্র যাতে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম অক্ষুন্ন রাখতে পারে তার জন্য সবার সহযোগিতা কামনা করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান এবং যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি আব্দুর রহিম বাদশা এবং সাবেক জাতীয় অ্যাথলেট ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক হারুনুর রশীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন সবুজ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকা থেকে মরহুম হারুনের কন্যা তমা টেলিফোনে বক্তব্যকালে তার পিতার আত্মার শান্তির জন্য সকলের দোয়া কামনা করেন। এছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফারও টেলিফোনে বক্তব্য রাখেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তার বক্তব্যে বাংলাদেশের ভয়ংকর পরিস্থিতির অবসান ঘটাতে জননেত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন এবং সেই লক্ষ্য অর্জনে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের নিকট বাংলাদেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি তুলে ধরার আহবান জানান।
ড. মোমেন একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একইভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে তাঁদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, একজন খ্যাতিমান ক্রীড়া সংগঠকের পাশাপাশি প্রয়াত হারুনুর রশীদ একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ আজ সন্ত্রাসের অভয়রাণ্যে পরিণত হয়েছে। দেশে বর্তমানে কেউ নিরাপদ নন। হারুনুর রশীদের মত বীর মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত লাঞ্ছিত ও অপমানিত হচ্ছেন। দেশের এই পরিস্থিতি না হলে হয়তো আরও কিছুদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকতেন।
বিএফইউজের সাবেক মহাসচিব শাবান মাহমুদ ক্রীড়াঙ্গনের পাশাপাশি রাজনীতির ক্ষেত্রে মরহুম হারুনুর রশীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন। তিনি বলেন, হারুনুর রশীদ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন এবং দলের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ বাংলাদেশে খেলাধুলার উন্নয়নে মরহুম হারুনুর রশীদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশেষ করে ফুটবলের উন্নয়নে হারুনুর রশীদ যে ভূমিকা পালন করেছেন তা স্বর্ণের অক্ষরে চিরদিন লেখা থাকবে। তিনি চব্বিশের ৫ আগস্টের পর ঢাকায় আবাহনী ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের কথা তুলে ধরেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে মরহুম হারুনুর রশীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।