তুরস্কে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১

‘এখনই সিদ্ধান্তের সময়’, জলবায়ু ন্যায়বিচার চুক্তির আহ্বান গুতেরেসের

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক

১২ নভেম্বর ২০২৬

‘এখনই সিদ্ধান্তের সময়’, জলবায়ু ন্যায়বিচার চুক্তির আহ্বান গুতেরেসের

Guteres speaks at UN Climate Summit 2026

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির মুখে থাকা উন্নয়নশীল দেশগুলোর সহায়তায় নতুন একটি বৈশ্বিক ‘জলবায়ু ন্যায়বিচার চুক্তি’ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ করে সেই অর্থ জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার তুরস্কের আন্তালিয়ায় কপ৩১-এর নেতৃবৃন্দের সম্মেলনে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব যে গতিতে এগোচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অনেক ধীর। বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের গ্রহ উত্তপ্ত হচ্ছে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়।”

গুতেরেস সতর্ক করে বলেন, বর্তমান জাতীয় জলবায়ু পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হলেও শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে পারে। তিনি বলেন, প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা সাময়িকভাবে অতিক্রম করা এখন প্রায় অনিবার্য হলেও এর অর্থ এই নয় যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গেছে। বরং কতটা এবং কতদিন এই সীমা অতিক্রম করবে, তা এখনো মানুষের হাতে রয়েছে।

“বিজ্ঞান আমাদের আত্মসমর্পণ করতে বলছে না। বিজ্ঞান আমাদের আরও কঠোরভাবে লড়াই করতে বলছে,” বলেন জাতিসংঘের মহাসচিব। তাঁর মতে, উষ্ণতা বৃদ্ধির প্রতিটি ভগ্নাংশ ডিগ্রি কমানো গুরুত্বপূর্ণ।

এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন জ্বালানিতে ন্যায়সংগতভাবে রূপান্তরের সুযোগ দিতে ‘ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট’ বা জলবায়ু ন্যায়বিচার চুক্তির প্রস্তাব দেন গুতেরেস। তিনি বলেন, কোনো দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন দাবি করা যাবে না, যদি সেই পরিবর্তন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ও প্রযুক্তি তাদের দেওয়া না হয়।

প্রস্তাবিত চুক্তির আওতায় জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে গিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, জলবায়ু দুর্যোগের ঝুঁকিতে থাকা মানুষের জন্য আগাম সতর্কতা ও অভিযোজন ব্যবস্থা জোরদার করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক বাধা, প্রযুক্তিগত বৈষম্য ও ভূরাজনৈতিক বিভাজন কাটিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

গুতেরেস উন্নত দেশগুলোর প্রতি ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সময়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য মোট জলবায়ু অর্থায়ন বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোকে অর্থনীতির রূপান্তর করতে বলা হলেও প্রয়োজনীয় অর্থ না দিলে সেই রূপান্তর বাস্তবায়ন করা সম্ভব নয়।

জীবাশ্ম জ্বালানি শিল্পের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন জাতিসংঘের মহাসচিব। তিনি অভিযোগ করেন, তেল, গ্যাস ও কয়লা শিল্পের শক্তিশালী স্বার্থগোষ্ঠী জলবায়ু বিজ্ঞানের তথ্য বিকৃত করার এবং কার্যকর পদক্ষেপ বিলম্বিত করার চেষ্টা করছে।

“জীবাশ্ম জ্বালানিরও ডাইনোসরের মতো পরিণতি হওয়া উচিত। ডাইনোসরদের কোনো লবি ছিল না। জীবাশ্ম জ্বালানির আছে,” বলেন গুতেরেস।

তিনি জানান, বিশ্বের নয়টি বড় তেল কোম্পানি গত এক প্রান্তিকে প্রায় ৯৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে। বিপরীতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য গঠিত লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে এসেছে প্রায় ৬০০ মিলিয়ন ডলার। গুতেরেস বলেন, ওই নয়টি কোম্পানির মুনাফার পরিমাণের সঙ্গে ফান্ডে পাওয়া অর্থের তুলনা করলে তা কোম্পানিগুলোর মাত্র প্রায় ১৪ ঘণ্টার লাভের সমান। তাই অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ করে সেই অর্থ ঝুঁকিপূর্ণ দেশগুলোর পুনরুদ্ধারে ব্যবহারের আহ্বান জানান তিনি। “দূষণকারীদের মূল্য দিতে হবে,” বলেন গুতেরেস।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও বেশি জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, কয়েক দশকের জলবায়ু আলোচনা সত্ত্বেও বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ব এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন আরও সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও প্রয়োজনভিত্তিক করার আহ্বান জানান তিনি।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন, যুদ্ধ, বাণিজ্য বিরোধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় পিছিয়ে যাচ্ছে। “ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার প্রশ্নের চেয়ে আমরা অস্ত্র ও শুল্ক নিয়ে বেশি কথা বলতে শুরু করেছি,” বলেন লুলা। তিনি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান এবং জীবাশ্ম জ্বালানির ওপর ব্রাজিলের নির্ভরতা কমানো ও বন উজাড় বন্ধে জাতীয় পরিকল্পনা তৈরির ঘোষণা দেন।

কপ৩১-এর আলোচনায় মিথেন নির্গমনও বিশেষ গুরুত্ব পাচ্ছে। কার্বন ডাই-অক্সাইডের তুলনায় ২০ বছরের হিসাবে মিথেন ৮০ গুণেরও বেশি তাপ আটকে রাখতে পারে। জীবাশ্ম জ্বালানি উত্তোলন, কৃষি এবং পচনশীল বর্জ্য থেকে মিথেন নির্গত হয়। জলবায়ু পরিবর্তনের গতি কমাতে স্বল্পমেয়াদে মিথেন নির্গমন কমানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (United Nations Environment Programme UNEP) স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বড় ধরনের মিথেন লিক শনাক্ত করছে। UNEP-এর আন্তর্জাতিক মিথেন নির্গমন পর্যবেক্ষণ কেন্দ্র (International Methane Emissions Observatory)-এর প্রধান জুলিয়া ফেরিনি জানান, এই প্রযুক্তির মাধ্যমে ১৩টি দেশে ৪৫টি ক্ষেত্রে মিথেন নির্গমন কমাতে সহায়তা করা হয়েছে। তাঁর মতে, মিথেন কমানো দ্রুত উষ্ণায়নের গতি ধীর করতে পারে এবং কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানোর জন্য বিশ্বকে অতিরিক্ত সময় দিতে পারে।

কপ৩১-এর বাইরে বাস্তবভিত্তিক জলবায়ু উদ্যোগও আলোচনায় এসেছে। বতসোয়ানার তরুণ উদ্যোক্তা মাকওয়েনা মোয়েসি পাঁচ লাখের বেশি কেঁচো ব্যবহার করে খাদ্যবর্জ্যকে জৈব সারে রূপান্তর করছেন। তাঁর প্রতিষ্ঠান ভিভা অর্গানিকা (Viva Organica) খাদ্য বিক্রেতাদের কাছ থেকে জৈব বর্জ্য সংগ্রহ করে ভার্মিকম্পোস্টিং পদ্ধতিতে তা প্রক্রিয়াজাত করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এক হাজার টনের বেশি জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করেছে।

এদিকে কপ৩১-এর মূল আলোচনায় জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি ও লোকসানের জন্য সহায়তা, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর গতি এবং জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন অর্থনীতিতে ন্যায়সংগত রূপান্তর নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য অব্যাহত রয়েছে।

বিশ্বনেতাদের সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেওয়া প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া। গুতেরেসের বার্তায় সেই তাগিদই সবচেয়ে স্পষ্ট—সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আর জলবায়ু সংকট মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়ার সুযোগও ক্রমেই সংকুচিত হচ্ছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত