হুমায়ূন কবীর ঢালী
২১ আগস্ট ২০২৬
আনন্দমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে ১৯ আগস্ট উদযাপিত হলো এলিট ক্লাবের বার্ষিক বনভোজন। সকালের দিকে পার্কে মানুষের উপস্থিতি কিছুটা কম থাকায় মাথার ওপর সূর্য বাহাদুরের কিছুটা গরম ধমক খেয়েই প্রবেশ করতে হয়েছিল অতিথি ও আয়োজকদের, কারণ সেদিন পুরো নিউইয়র্ক জুড়েই বইছিল প্রচন্ড তাবদাহ। তবে নিউইয়র্কের ওয়েস্ট ব্যাবিলনে অবস্থিত বেলমন্ট লেক স্টেট পার্ক তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল সবুজ পরিবেশ বজায় রাখায়, সূর্যের তীব্র রোদ বনভোজনে আসা এলিট ক্লাবের সদস্য ও অতিথিদের খুব একটা দাহ করতে পারেনি। পার্কটির এই স্নিগ্ধ ও নৈসর্গিক রূপ দেখে উপস্থিত সবাই এক পলকেই মুগ্ধ প্রকৃতিপ্রেমী হয়ে ওঠেন। ভুলে যান গরমের কথা।

এরপর বেলা বাড়ার সাথে সাথে, বিশেষ করে দুপুর বারোটা ও সাড়ে বারোটার দিকে একে একে অতিথিদের সমাগম আরও বাড়তে থাকে। কেউ একা আবার কেউ ব্যস্ততা কাটিয়ে পরিবারের সদস্য ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে হাসিমুখে পার্কে প্রবেশ করেন। পার্কে পা রেখেই প্রচন্ড গরমে স্বস্তি পেতে তরমুজের টুকরো নিয়ে খেতে শুরু করেন। আয়োজকরা আগে থেকেই সুমিষ্ট তরমুজগুলো ফালি ফালি করে কেটে রেখেছিলেন, যা দুপুরের এই খরতাপে এক অনন্য ও উপাদেয় আপ্যায়ন হিসেবে সকলের মন জয় করে নেয়। তরমুজের পর পরিবেশন করা হয় হালকা নাস্তা ও ঠান্ডা সোডা, যা গরমে এক পলকেই প্রাণ জুড়িয়ে দেয়।

অন্যদিকে, উৎসবমুখর এই আয়োজনের পেছনে ছিল অনেকের অক্লান্ত পরিশ্রম ও চমৎকার ব্যবস্থাপনা। বনভোজনের আহ্বায়ক কাজপ্রেমী সাকিল মিয়া ও রফিকুল ইসলাম তীব্র রোদকে পুরোপুরি উপেক্ষা করে অত্যন্ত উৎসাহের সাথে শুরু করে দেন বারবিকিউ ও সুস্বাদু খাসির গোশত রান্নার কর্মযজ্ঞ। পুরো আয়োজনের বিনোদন ও শৃঙ্খলা রক্ষায় প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব অত্যন্ত নিপুণভাবে পালন করেন। রকি ব্যস্ত ছিলেন শিশুদের আনন্দদায়ক খেলাধুলার চমৎকার সব আয়োজন নিয়ে, আর সংগীতশিল্পী কামরুজ্জামান বকুল সায়েমকে সাথে নিয়ে তার মিউজিক ইনস্টুমেন্টগুলো নিখুঁতভাবে ঠিকঠাক শেষে পুরো পরিবেশে এক সুরের আবহ তৈরি করেন।

এদিকে বিপ্লব ব্যস্ত ছিলেন সবার জন্য সুস্বাদু সালাদ তৈরিতে, আর ছোটো সোনামণিরা সারাক্ষণ পার্কের এদিক-সেদিক ছুটাছুটি করে তাদের আনন্দ উদ্যাপন করছিল। অন্যদিকে ভাবীদের প্রাণবন্ত আড্ডা, ক্যামেরার লেন্স হাতে মাহি আহমেদ জেমসের ক্ষণে ক্ষণে ছবি তোলার ক্লিক ক্লিক শব্দ এবং এলিট ক্লাবের সভাপতি আজিম ও ডিউক খানের সার্বক্ষণিক দৌড়ঝাঁপ এবং সবকিছুর তদারকি পুরো অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। বড় ছোট সবার সাবলীল অংশগ্রহণে এই বনভোজন নিছক একটি সাধারণ পিকনিক ছাড়িয়ে এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

খেলাধুলার পর্বে মহিলাদের পিলোপাসসহ পুরুষ ও শিশুদের জন্য ছিল সস্ত্রীক রকির আবিষ্কৃত নতুন নতুন আইটেম, যা উপস্থিত সবাইকে দারুণ আনন্দ দেয়। বনভোজনের শেষদিকে আকর্ষণীয় র্যাফেল ড্র ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
এলিট ক্লাবের এই জমজমাট ও বর্ণাঢ্য বার্ষিক বনভোজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কমিউনিটির প্রিয়মুখ ফাহাদ সোলায়মান ও রতন কবির, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রিদোয়ানুল হক, মফিজুল ইসলাম, খায়রুল ইসলাম খোকন, দিদারুল ইসলাম, মনিরুল ইসলাম, শিব্বির আহমেদ, শাহ জে চৌধুরী এবং বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের কমিশনার মিয়া মোহাম্মদ দুলাল। এছাড়াও অনুষ্ঠানে সুরের মূর্ছনা ও সাংস্কৃতিক দ্যুতি ছড়াতে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী রিজিয়া পারভিন, সংগীতে কমিউনিটির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ কৃষ্ণাতিথি, নাজু আকন্দ এবং রোজী আজাদ। সস্ত্রীক আফতাব জনি, জয়সহ কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন এ বনভোজনে।
প্রচণ্ড গরম ও দাবদাহ পেছনে ফেলে পার্কের সবুজ ছায়া, সুস্বাদু খাবার, সবার প্রাণবন্ত আড্ডা এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলিট ক্লাবের এই বনভোজনটি দিনশেষে সকলের হৃদয়ে এক দীর্ঘস্থায়ী ও মধুর স্মৃতির সৃষ্টি করেছে।
=————-