ব্রুকলীন প্রতিনিধি
০৯ মে ২০২৬
বৈশাখ বরণের সমাবেশে অংশগ্রহণকারিরা। ছবি-জাগো প্রহরী।
বাঙালি সংস্কৃতির আবহে এবং প্রাণের আমেজে বাংলা নতুন বছরকে বরণ উপলক্ষে ১৯ এপ্রিল নিউইয়র্ক সিটির ব্রুকলীনে জনপ্রিয় চিকিৎসক ডা. সায়েরা হকের উদ্যোগে বর্ণাঢ্য এক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে ব্রুকলীনের রাগবি স্ট্রিটে কমিউনিটির নীরব সমাজকর্মী ইঞ্জিনিয়ার মো. ফজলুল হকের বাড়ির আঙ্গিনা বৈশাখী পোশাকে জড়ো হওয়া প্রবাসীদের কলকাকলিতে মুখরিত হয়।

ডা. সায়েরা হক এবং তার স্বামী ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক বর্ণিল সাজে সজ্জিত আঙিনায় সকলকে স্বাগত জানান এবং দিবসের আমেজে গৃহীতকর্মসূচি উপভোগের অনুরোধ করেন। সম্প্রীতির বন্ধনে পুরো অনুষ্ঠান ক্রমান্বয়ে হৃদয়ের গভীরে প্রোথিত হয় এবং বাংলা নতুন বছরকে বরণের আয়োজনকে আরো মহিমান্বিত করতে সকলে কেক কেটেছেন। বলার অপেক্ষা রাখে না যে, এ কর্মসূচিতে ভিনদেশীরাও ছিলেন বাঙালি আমেজে।
বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএর সাধারণ সম্পাদক মো.শামিম হোসেনসহ কমিউনিটির প্রিয়-পরিচিতজনেরা ছিলেন বৈশাখ বরণের এ আয়োজনের অন্যতম অতিথি। বাঙালি আমেজে আড্ডা ও কুশলাদি বিনিময়ের পথ বেয়ে পান্তা-ইলিশের সাথে নানা রকমের ভর্তা, ইলিশ, মাছ, মাংসের সমন্বয়ে সকলের মধ্যে ডিনার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, রোগীদেরকে সুচিকিৎসার মাধ্যমে আপন করে নেয়া ডা. সায়েরা হক মাঝেমধ্যেই তার রোগীসহ প্রিয়-পরিচিতজনদের সাথে মিলিত হন বিভিন্ন পার্বনে। আর সেই উদ্যোগ পরিপূর্ণ করতে সব ধরনের সহযোগিতায় থাকেন ‘হক মেডিকেল অফিস’র সিইও ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক।