নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৬
Awami League Ban
সাতাত্তর বছরের ঐতিহ্যবাহী পুরনো দল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব প্রদানকারি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’কে নিষিদ্ধের কালো আইন পাসের প্রতিবাদে এবং কথিত ট্রাইবুন্যালে শেখ হাসিনার নামে মিথ্যা মামলার রায় বাতিল, পুলিশ হত্যার বিচার, সংবিধান লংঘন করে ক্ষমতা দখলকারি দুর্নীতিবাজ-খুনী মো. ইউনূসকে গ্রেফতার ও বিচারের আওতায় আনা, প্রতিপক্ষ রাজনীতিকদের দমনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার বন্ধ, একাওরের গণহত্যায় যারা যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী তাদের ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক বিরোধীদের গণ-গ্রেফতার বন্ধসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে একটি প্রতিবাদ মহা-সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকান্স’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে আগামী ২০ এপ্রিল বেলা ১২টায় এ কর্মসূচী পালনের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে সকল বাঙালিকে যোগদানের আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ সংশোধন করে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তাদের ‘যাবতীয় কার্যক্রম’ নিষিদ্ধ করার স্পষ্ট বিধান রেখে ‘সন্ত্রাস বিরোধী সংশোধন বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১১ মে ওই সংশোধনী এনে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। পরদিন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করে গেজেট জারি করা হয়েছিল।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার নতুন এই বিলের মাধ্যমে সেই অধ্যাদেশকে আইনের রূপ দিল। এর ফলে বাংলাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল।
গত ৮ এপ্রিল সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে তিনি বিলটি অবিলম্বে বিবেচনা এবং পাসের প্রস্তাব তুললে কণ্ঠভোটে তা গৃহীত হয়।