নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬
এওয়ার্ড হাতে ড. সবিতা দাস।
মানবাধিকার তথা নারীদের কল্যাণে কর্মরত নিউইয়র্কের সংগঠক ড. সবিতা দাস (সবিতা রাণী সুতার) এবারও জাতিসংঘের অ্যাওয়ার্ড পেয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে চলমান ‘৭০তম কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ সামিটের সাইডলাইনে গত শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটানে ওপেরা হাউজ পার্টি হলে ‘ফোরাম অন গ্লোবাল উইমেন লিডারশিপ, জাস্টিস, অ্যাকশন’র বর্ণাঢ্য সমাবেশে ‘মিস ক্যারিকম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ বিভিন্ন ইস্যুতে ৪টি অ্যাওয়ার্ডস/সার্টিফিকেট দিয়েছে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবিতা দাসকে।

জাতিসংঘে নারীদের অধিকার ও মর্যাদা নিয়ে নিরন্তরভাবে কর্মরত ‘মিস ক্যারিকম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রদূত ড. মনিকা স্যানচেজ ড. সবিতা দাসের সমাজসেবায় দীর্ঘদিনের কর্মকান্ডের প্রশংসা করেন এবং তাকে এই সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অভিবাসী সমাজে কর্মরত অন্যদেরকে উৎসাহিত করার প্রয়াস বলেও উল্লেখ করেন। এ সময় নারী উন্নয়নে অবদানের জন্য আরো কয়েকজনকে অ্যাওয়ার্ড/সার্টিফিকেট প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে।
জাতিসংঘের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি ও শীর্ষ কূটনীতিকদের বর্ণাঢ্য এ সমাবেশে অ্যাওয়ার্ড গ্রহণের পর অভিভূত ড. সবিতা প্রকারান্তরে জাতিসংঘের বিভিন্ন ফোরামে নিজের জড়িয়ে থাকার মধ্য দিয়ে অভিবাসী সমাজের সামগ্রিক কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছেন বলে মন্তব্য করেন। এই সম্মাননার মধ্য দিয়ে মানবতার কল্যাণে কাজের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল বলেও উল্লেখ করেন বাংলাদেশি-আমোরিকান সবিতা দাস।