আবুল কাশেম
১৪ মার্চ ২০২৬
ইফতার মাহফিলে সবাইকে স্বাগত জানান তোফায়েল চৌধুরী লিটন। ছবি-জাগো প্রহরী।
‘নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়ঙ্কার্স’ এর ইফতার ও দোয়া মাহফিল গত ৮ মার্চ উডসাইডের গুলশান টেরেসে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও তোফায়েল চৌধুরী (লিটন)। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে ইফতার মাহফিলের আয়োজনের জন্য গ্রী ম্যাকানিকেল ইয়ঙ্কার্সকে ধন্যবাদ জানান।

তোফায়েল চৌধুরী লিটন ইফতার মাহফিলে অংশ নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কমিউনিটির সবার সাথে ভ্রাতৃত্ব বজায় রাখতে এ আয়োজন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তার প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা গ্রহণকারীদের বিশেষ ধন্যবাদ জানান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন দারুল আহনাফ নিউইয়র্কের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হামিদুর রহমান আশরাফ।

ইফতারের আগে প্রবাসে এবং দেশে বসবাসরত সকলের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, নিউইয়র্ক স্টেটের অনুদানে (নিউইয়র্ক স্টেট এনার্জি প্রোগ্রাম) প্রবাসীদের বাড়িতে হিটিং ও এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়ে কমিউনিটিতে বেশ জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছেন তোফায়েল চৌধুরী লিটন। সেই ধারা অব্যাহত রাখতে এমন একটি আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে মনে করা হচ্ছে। ইফতার মাহফিলে সাংবাদিক, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।