নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৬
সহকর্মীদেরকে সাথে নিয়ে ইফতার-প্ল্যাট সাজাচ্ছেন মো. কাদের মিয়া। ছবি-জাগো প্রহরী।
যুদ্ধ ও হানাহানি বন্ধে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনার মধ্য দিয়ে ৮ মার্চ নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারে কমিউনিটির সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। সমাজসেবক ও রাজনীতিক আব্দুল কাদের মিয়ার সৌজন্যে এ মাহফিলে দলমত-নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী অংশ নেন এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগ-উৎকণ্ঠা ব্যক্ত করেন। কারণ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরান কর্তৃক পাল্টা অভিযানের খেসারত হিসেবে ইতিমধ্যে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালনে বেড়েছে ৪২ সেন্ট করে। এই ধারা অব্যাহত থাকলে নিত্য প্রয়োজনীয় অন্য সকল পণ্যেও বাড়তি মূল্য গুণতে হবে সাধারণ মানুষকে।

এই মাহফিলে বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন ক্বারি মাওলানা রুহুল্লাহ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আবুল হাশেম, জুডিশিয়ারি বোর্ডের চেয়ারম্যান সিরাজুল মাওলা, কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরউল্লাহ, এম এ জলিল, নাজিম উদ্দিন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার প্রমুখ। সময়ের প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাহফিলে সাড়া দেয়ায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল কাদের মিয়া।

উল্লেখ্য, সহকর্মীদেরকে সাথে নিয়ে ইফতারের সকল সামগ্রি নিজ হাতে বিলি করেছেন আব্দুল কাদের মিয়া। সপ্তাহখানেক ওমরাহ হজ্ব পালন শেষে ‘জমজম’র পানি এনেছিলেন। প্রত্যেক রোজাদারের মধ্যে তা পরিবেশন করা হয় এবং ইফতার করা হয় পবিত্র সেই পানি পান করেই।