নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬
বদর দিবসে বক্তব্য রাখেন মুফতি ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরি। ছবি-জাগো প্রহরী।
‘বদর দিবস’ উপলক্ষে ৬ মার্চ (১৭ রমজান) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে ‘আহলে বায়েত মসজিদ’এর উদ্যোগে রোজাদার-মুসল্লিদেরকে নিয়ে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বদর দিবসের তাৎপর্য ও মাহাত্ম নিয়ে আলোচনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরি। এ সময় বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে মুসলমানদের আত্মরক্ষায় ঐক্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করেন মাওলানা সাইয়্যেদ রাব্বানী, জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট বদরুল খান, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কায়্যূম প্রমুখ।

আহলে বায়েত মসজিদ মিশনের সেক্রেটারি সাইকত আনোয়ারের সার্বিক সহযোগিতায় এবং প্রেসিডেন্ট জুয়েল চৌধুরীর সমন্বয়ে অনুষ্ঠিত এ মাহফিলে কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ব্যক্তিরাও ছিলেন। এ সময় ইমাম মুফতি ড. সাঈয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী বদরপুরি বলেন, বদর দিবস ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা ২ হিজরির ১৭ রমজান (৬২৪ খ্রিস্টাব্দ) মদিনার মুসলমান ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম বড় যুদ্ধকে স্মরণ করে। মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণে ‘বদর’ নামক প্রান্তরে মাত্র ৩১৩ জন মুসলমানের বাহিনী আল্লাহ সাহায্যে এক হাজার জনের সুসজ্জ্বিত কুরাইশ বাহিনীকে পরাজিত করে সত্য ও মিথ্যার পার্থক্য দৃশ্যমান করে।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতে বিশ্বের সকল মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।