নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৬
BAPA New President Captain AKM Alam and GS Jamil Sarwar
নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন’ (বাপা)-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম এবং একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে ডিটেকটিভ জামিল সারওয়ার জনি নির্বাচিত হয়েছেন।
২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন শুক্রবার (২৩ জানুয়ারি) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের মোট ৮০৫ জন সদস্যের মধ্যে ভোট দেন ৬১২ জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন অপর প্যানেলের প্রার্থী লেফটেন্যান্ট সুজাত খান এবং সার্জেন্ট মেহেদী মামুন।
নির্বাচনে বিজয়ী কর্মকর্তারা হলেন প্রথম সহ-সভাপতি এসডিএস এরশাদ সিদ্দিকী, দ্বিতীয় সহ-সভাপতি টিএস আলী চৌধুরী, কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট শেখ আহমেদ, সহ-কোষাধ্যক্ষ সার্জেন্ট সোনিয়া বড়োয়া, সার্জেন্ট-অ্যাট-আর্মস সার্জেন্ট শিব্বির আহমেদ, মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া, ইভেন্ট কো-অর্ডিনেটর পিও মোহাম্মদ ইসলাম রিপন, কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর সার্জেন্ট মো. লতিফ এবং করেসপন্ডিং সেক্রেটারি টিএস মহিউদ্দিন আহমেদ।
নির্বাচন সম্পন্ন করার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য লেফটেন্যান্ট মোহাম্মদ এফ. খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট কে এম হাসনাত। ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশন নবনির্বাচিতদের অভিনন্দন জানান এবং নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানান।
বাপার পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটির ১১ বছরের ইতিহাসে এই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হলো। শিগগিরই নবনির্বাচিত কমিটির নেতারা শপথ নেবেন।