প্রবাসী শেরপুর জেলা সমিতির পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬

প্রবাসী শেরপুর জেলা সমিতির পিঠা উৎসব

শেরপুর সমিতির বৈশাখ বরণে ২৯ রকমের পিঠা । ছবি-জাগো প্রহরী।

শের আলী গাজীর স্মৃতি বিজড়িত এবং গাড়ো পাহাড় বিধৌত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শেরপুর জেলার প্রবাসীদের সরব উপস্থিতিতে নিউইয়র্কে ২৫ এপ্রিল সন্ধ্যায় মনোরম পরিবেশে বৈশাখ বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলটি শেরপুরবাসীর মিলনেমেলায় পরিণত হয়েছিল এবং এলাকার সার্বিক কল্যাণে সম্প্রীতির জয়গান ধ্বনিত হয়েছে। পুরো আয়োজনে ছিল ‘প্রবাসী শেরপুর জেলা সমিতি, ইউএসএ’। এসময় সকলকে শেরপুরের ঐতিহ্যবাহী ২৯ ধরনের পিঠায় আপ্যায়িত করা হয়। পিঠার মধ্যে ছিল চিতই পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, গোটা পিঠা, পায়েস পিঠা, নারু পিঠা, কলা পিঠা, নারিকেল বড়া পিঠা, খির পিঠা, তাল পিঠা, লবঙ্গ পিঠা, সন্দেশ পিঠা, ঝাল পিঠা, ফুল পিঠা, চাপরি পিঠা, চিরা পিঠা, মোয়া পিঠা ও সেমাই পিঠা। বাহারি স্বাদ আর ডিজাইনের পিঠায় মুগ্ধ ছিল নতুন প্রবাসের সদস্যরা। নিজ হাতে তৈরী পিঠা নিয়ে আসা রমনীরাও হৃদয়ে উষ্ণতা আর প্রাণের আমেজে তা সকলের মধ্যে পরিবেশন করেন।

Sherpur-pitha-2

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা জড়ো হয়েছিলেন অনুষ্ঠানে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী। সাধারণ সম্পাদক ছামেদুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেম। তিনি বলেন, পিঠা উৎসব গ্রামীণ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে এই ঐতিহ্য আমরা লালন করে আসছি। অগ্রহায়ণ ও পৌষ মাসে নতুন ফসল ওঠার সময় গ্রামে গ্রামে এই উৎসব ধনী-দরিদ্র সবাই মিলেমিশে পালন করতো। বর্তমানে আধুনিক জীবনে সেই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের মাঝে সেই ঐতিহ্য ধরে রাখতে প্রবাসে এমন পিঠা উৎসব আয়োজনের গুরুত্ব অপরিসীম।

Sherpur-pitha-3

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক নাহিদ রায়হান লিখন, প্রধান সমন্বয়কারী মামুন রাশেদ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, উপদেষ্টা আবদুল হামিদ, সাবেক সভাপতি জান্নাত রহমান, ডা. শিবলী, জামালপুর সমিতির সাবেক সভাপতি জিল্লুর রহমান, রানা রায়হান, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাসেল, রেখা জামান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মামুন রাশেদ ও রানা রায়হান। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব ও শামীম রেজা দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রেখা জামান চৌধুরী, রূপচাঁন মিয়া, মাসুদ পারভেজ মুক্তা, গৌতম চক্রবর্তী, আসমাউল হুসনা লীরা, শহিদ উদ্দিন মিয়া শিমুল প্রমুখ। অনুষ্ঠানে শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১