নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬
Saima Wazed Putul
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক থেকে পদত্যাগ করেছেন।
ডব্লিউএইচও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালিয়াতির তদন্তের মুখে তিনি বুধবার পদত্যাগপত্র দিয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।
রয়টার্সের হাতে আসা তার পদত্যাগপত্রের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার পদত্যাগের ঘোষণা দেন সায়মা ওয়াজেদ, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে গত ২০ অগাস্ট তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন তদন্ত চেয়েছিলেন পুতুল।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ওপর এর যে প্রভাব পড়েছে, সায়মা ওয়াজেদের পদত্যাগের ঘটনাকে তারই সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার অনেক ঘনিষ্ঠ মিত্র এখন দুর্নীতির মামলার আসামি, অথবা তার মতোই স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।
২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সায়মা। তবে ২০২৫ সালের মার্চে অন্তর্বর্তী সরকারের আমলে দুদক তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ আনলে জুলাই মাসে তাকে অবৈতনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।