সাজ্জাদ হোসেন সবুজ
০৬ নভেম্বর ২০২৬
NY Seminar On US-Bangla Relations
বাংলাদেশে জঙ্গিবাদের উত্তান বন্ধ করে দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মার্কিন ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের উচিৎ আওয়ামী লীগের সাথে অবিলম্বে সংলাপ শুরু করা। বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন গত ১ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেছেন।

তিনি একই সাথে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আওয়ামী লীগের সাথে অবিলম্বে সংলাপ শুরু করার জন্য বিএনপি সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, যুক্তরাষ্ট্র শাখা, ‘৫ আগস্ট ২০২৪ পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সংলাপ না হলে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্থায়িত্ব নিশ্চিত হবে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করতে চায় এবং বাংলাদেশের সাথে তারা যেসকল চুক্তি করেছে তা থেকে যদি কোন সুবিধা পেতে চায় তার জন্য বাংলাদেশে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সরকার খুবই জরুরি।
ড. মোমেন বলেন, “আর সেজন্য যুক্তরাষ্ট্রের উচিৎ নিজেদের তাগিদেই আওয়ামী লীগের সাথে সংলাপ শুরু করা। আপনারা যারা এখানে আছেন তারা তাঁদের আমেরিকান বন্ধু-বান্ধবদের এই বিষয়টি জানাতে পারেন। আমি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সরকারকে এই ব্যাপারে একটি চিঠিও দিয়েছি।”
ড. মোমেন আরো বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসছেন এবং তখন তার নিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যারা আছি আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকবে তা হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত করা।
দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাথে অবিলম্বে সংলাপ শুরু করার জন্য বিএনপি সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমান তারেক রহমানের সরকার খুবই ভঙ্গুর এবং ভয়ানক অবস্থায় আছে, কতদিন ঠিক টিকবে আমি জানিনা। আইন শৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে। কোন ব্যবসা-বাণিজ্য বা বিনিয়োগ নাই। সবার চাকরি চলে যাচ্ছে। সরকার মিথ্যার ওপর বিভিন্ন কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্ত এগুলো বেশিদিন টিকবে না।
“সেজন্য তারেক রহমানের সরকার এবং বিএনপি ও তাদের মিত্রদেরকে আমি অনুরোধ করবো বাংলাদেশকে আপনারা ধ্বংস করবেন না। দেশটাকে জঙ্গি রাস্ট্র বানাবেন না । বরং অবিলম্বে আওয়ামী লীগের সাথে সংলাপ শুরু করুন। দেশের সকল মানুষ এই সংলাপের দিকে তাকিয়ে আছেন এবং তারা দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়,” তিনি বলেন।
ড. মোমেন যোগ করেন, আওয়ামী লীগকে যদি আপনারা রাজনীতি করতে না দেন তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না এবং আদৌ দেশ টিকবে কিনা তাতে আমার সন্দেহ আছে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার বিদায় যদি সম্মানের সাথে হতে হয় এবং গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক নিয়ম মেনে নিয়ে হতে হয় তাহলে এই সংলাপের কোন বিকল্প নেই। তা নাহলে আপনাকে আন্দোলনের মধ্যে বিদায় নিতে হবে এবং দেশে হিংসা বিদ্বেষ যেভাবে বাড়ছে তাতে আপনার এবং আপনার দলের অবস্থা আরও ভয়াবহ হতে পারে “।
“সেই জন্য আপনার নিকট অনুরোধ অবিলম্বে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। সেই সাথে বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করুন, তাহলে আওয়ামী লীগ আপনাদের সাথে সংলাপে বসতে রাজি হবে এবং এর ফলে আপনার সম্মানজনক বিদায় ঘটবে।”
এই প্রসঙ্গে ড. মোমেন বলেন, আওয়ামী লীগ কখনো
জোর-জবরদস্তি করে সরকারের পরিবর্তন চায় না। তারা সবসময় নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনে বিশ্বাস করে।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আওয়ামী লীগের সাথে বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের যাতে সংলাপ হয় তার জন্য ভারত সরকারের প্রতি উদ্যোগ গ্রহণ করার অনুরোধও জানান। তিনি ভারত সরকারকে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংলাপ শুরু করার আহবান জানান ।
বাংলাদেশে চলমান সন্ত্রাস, খুন, ধর্ষণ, নৈরাজ্য, অরাজকতা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার কথা উল্লেখ করেন এবং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আইনজীবিদের এখানকার আদালতে মামলা দায়ের করার জন্য অনুরোধ করেন।