নিউইয়র্কের ব্রুকলীনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক

২৪ আগস্ট ২০২৬

নিউইয়র্কের ব্রুকলীনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত

Bangladeshi Yousuf Raju shot dead in NY : Image Collected

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফাস্টফুড রেস্টুরেন্টে স্থানীয় সময় ২২ আগস্ট রাতে দুর্বৃত্তের গুলিতে মো. ইউসুফ রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রাজু ওই রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। একই ঘটনায় রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশিও গুলিবিদ্ধ হয়েছেন, যিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। রাজুর মাথায় গুলি লেগেছিল বলে তদন্তকারি পুলিশ জানিয়েছে। রাজুকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ ওয়ান ব্রুকলিন হেলথ-ব্রুকডেল হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ৮৪২ রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা রেস্টুরেন্টে’ হামলার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে রেস্টুরেন্টের ভেতরে সংঘটিত একটি হামলা হিসেবে তদন্ত করছে। নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সর্বশেষ খবর পর্যন্ত কাউকে গ্রেফতারের খবরও পাওয়া যায়নি।
জানা গেছে, রাজু প্রায় তিন বছর আগে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। দেশে রয়েছে স্ত্রী এবং তিন সন্তানসহ ভাই-বোন, মা-বাবা।

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরের বাসিন্দা ইউসুফ বাচ্চা আমেরিকান স্বপ্ন পূরণের অভিপ্রায়ে নিউইয়র্কে ওই রেস্টুরেন্টে কাজ করতেন। আহত রাসেলের বাড়িও নোয়াখালীতেই। তিনিও দালালকে বড় অঙ্কের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন।

জানা গেছে, ওই রেস্টুরেন্টের একজন কাস্টমার খাবারের বিল পরিশোধ না করেই চলে যাচ্ছিলেন। রাজু ও রাসেল বিল পরিশোধের পর রেস্টুরেন্ট ত্যাগের আহবান জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তটি পিস্তল বের করে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত