শত্রুদের ক্ষমা করার চেয়ে নরকে যাওয়াও ভালো : ট্রাম্প

নিউজ ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬

শত্রুদের ক্ষমা করার চেয়ে নরকে যাওয়াও ভালো : ট্রাম্প

Donald Trump

যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান পার্টির ঐতিহাসিক পরাজয়ের পর নিজের সবচেয়ে বিস্তৃত মূল্যায়নে খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ নভেম্বর সন্ধ্যায় প্রচারিত সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনৈতিক বিপর্যয় থেকে শুরু করে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস, ইরান যুদ্ধ, উত্তরসূরি নির্বাচন ও পরিবারের বিতর্কিত ব্যবসা নিয়ে কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন যে, স্বর্গে যাওয়ার শর্ত হলেও তিনি তার রাজনৈতিক শত্রুদের কোনোভাবেই ক্ষমা করবেন না। জনপ্রিয়তায় রেকর্ড ধসের মুখে থাকার পরও মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের জন্য কোনও ব্যক্তিগত দায় নেননি ট্রাম্প। তার দাবি, রিপাবলিকান প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

আইনসভার নিয়ন্ত্রণ যখন ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে, তখন পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধ এবং দলের দুর্বল বার্তা প্রদানকে (ব্যাড মেসেজিং) সামনে আনলেও অধিকাংশ বিষয়ে কোনও আপস না করার মনোভাব স্পষ্ট করেছেন ট্রাম্প।

‘মৃত্যুর পরও শত্রুদের ক্ষমা করব না’ : সাংবাদিক রস ডাউথাটের নেওয়া সাক্ষাৎকারটির সবচেয়ে আলোচিত অংশ ছিল ব্যক্তিগত শত্রুতা ও ক্ষমার প্রশ্নটি। ঈশ্বরের কাছে চূড়ান্ত বিচারের মুখোমুখি হওয়ার প্রাক্কালে শত্রুদের (যাদেরকে ট্রাম্প শত্রু বলে মনে করেন) ক্ষমা করবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প জানান, তিনি কখনও তা পারবেন না।

অনুষ্ঠানের উপস্থাপক ও সাংবাদিক রস ডাউথ্যাট ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, মৃত্যুর পর তার কী হবে? জবাবে ট্রাম্প বলেন, তিনি একজন ধার্মিক মানুষ এবং তাত্ত্বিকভাবে তিনি স্বর্গে যাবেন। এরপর সাংবাদিক তাকে একটি কাল্পনিক পরিস্থিতির কথা বলেন: “ধরা যাক আপনি মারা গেলেন এবং পরকালে প্রবেশ করছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনাকে শুধু ন্যান্সি পেলোসি কিংবা জেমস কোমির মতো রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে হবে। আপনি কি তা পারবেন?”

ট্রাম্প বলেন, এই প্রশ্নের সহজ উত্তর হতো ‘হ্যাঁ, আমি ক্ষমা করতে পারব’। কিন্তু তিনি যদি তা বলেন, তবে তিনি তার নিজের কাছে সৎ থাকতে পারবেন না। তিনি তার প্রতিপক্ষদের “চরম অসৎ এবং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর” বলে বর্ণনা করেন। ট্রাম্প মন্তব্য করেন, তিনি দেশের মানুষকে যতটা ভালোবাসেন, এদের মতো মানুষদের ততটা ভালোবাসতে পারেন না।

ট্রাম্প বলেন, “আমি মনে করি তারা অত্যন্ত খারাপ লোক ছিল। আমি তাদের অপছন্দ করি, এমনকি ‘ঘৃণা’ শব্দটিও ব্যবহার করতে পারি। আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি।”

সাংবাদিক যখন সুনির্দিষ্টভাবে জানতে চান যে, ঈশ্বরের চূড়ান্ত বিচারাসনের সামনে দাঁড়িয়েও কি তার উত্তর ‘না’ হবে? ট্রাম্প সরাসরি বলেন, “উত্তর হল না। আমি সত্যি বলতে চাই। আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি এবং সবসময়ই করব।”

প্রশ্নটির প্রেক্ষাপট হিসেবে গত বছর আততায়ীর গুলিতে নিহত ডানপন্থি অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রসঙ্গটি স্মরণ করিয়ে দেওয়া হয়। সেখানে কার্কের বিধবা স্ত্রী এরিকা প্রকাশ্যে স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন।

কিন্তু তার কিছুক্ষণ পরই মঞ্চে উঠে ট্রাম্প ঘোষণা করেছিলেন, “আমি আমার বিরোধীদের ঘৃণা করি এবং তাদের কোনও মঙ্গল কামনা করি না।”
প্রথম মেয়াদে তার বিরুদ্ধে তদন্ত পরিচালনাকারী কর্মকর্তা ও ডেমোক্র্যাট নেতা থেকে শুরু করে নীতিতে বাধা দেওয়া প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের প্রতি ট্রাম্প দীর্ঘদিন ধরেই তীব্র ক্ষোভ পুষে রেখেছেন।

বিভিন্ন সময়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত তিনি নিজের প্রতি ঘটা ‘অন্যায়’ ও বিরোধীদের প্রতি ক্ষোভের অবস্থানেই অনড় থাকেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত