নিউজ ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬
Dipke and Modi
ভারতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পতন হবে বলে ভবিষদ্বাণী করেছেন কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রের সরকার পরিবর্তনের জন্যও দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।
৭ নভেম্বর কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন দীপকে। তবে সেই অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের মাধ্যমেই একমাত্র সরকার পরিবর্তন সম্ভব। পাশাপাশি, দেশের নির্বাচনি ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করার দাবিও তুলেছেন তিনি।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পক্ষ থেকে মোদীর ক্ষমতায় থাকা নিয়ে করা দাবির প্রসঙ্গ টেনে দীপকে বলেন, “২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। তিনি নিশ্চিতভাবে ক্ষমতা থেকে সরে যাবেন।”
সভায় উপস্থিত জনতার উদ্দেশে বারবার তিনি প্রশ্ন করেন, ২০২৯ সালে মোদী ক্ষমতা হারাবেন কি না? তার এই প্রশ্নে প্রতিবাদীদের মধ্যে রীতিমতো উচ্ছ্বাস দেখা যায়।
দীপকের দাবি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন। তিনি বলেন, “জ্ঞানেশ কুমারকে যেতে হবে। তিনি গেলে নরেন্দ্র মোদিও চলে যাবেন।”
অভিজিৎ দীপকে বলেন, “মুখ্য নির্বাচন কমিশনারকে রক্ষা করতে দেশের যুবসমাজের বিরুদ্ধে কার্যত যুদ্ধ করছে সরকার।” প্রধানমন্ত্রীর কাছে জ্ঞানেশ কুমার কেন এত গুরুত্বপূর্ণ সে প্রশ্নও তোলেন তিনি।
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশ করার অভিযোগে সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রানকার সঙ্গে দীপকে তার গ্রেপ্তারির প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি বলেন, এরপর যেখানেই যাবেন, জাতীয় পতাকা সঙ্গে রাখবেন। তার কথায়, “এই তেরঙ্গা তোলার জন্য আমাকে জেলে পাঠানো হয়েছিল। আমার দুই ভাই সৌরভ ও আশুকেও জেলে পাঠানো হয়। ভারতে শেষবার এমন ঘটনা ঘটেছিল ব্রিটিশ শাসনের সময়।”