যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সায়েদ

নিউজ ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সায়েদ

Senator Abdul el-Sayed

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবিরের তীব্র বর্ণবাদী ও মুসলিমবিদ্বেষী প্রচারের মুখে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সিনেট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল-সায়েদ।

মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন আল-সায়েদ।

মিশিগান রাজ্যে আল-সায়েদের এই জয়ের ফলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে বড় ধরনের সুবিধা পেল ডেমোক্র্যাটরা। তবে আল-সায়েদের সমর্থকদের কাছে এই জয় কেবল আইনসভার একটি আসন জয় করাই নয়, বরং তার চেয়েও বেশি কিছু।

আরব আমেরিকান ইনস্টিটিউটের (এএআই) নির্বাহী পরিচালক মায়া বেরি আল জাজিরা-কে বলেন, রিপাবলিকানরা আরব ও মুসলিমবিদ্বেষী প্রচারকে এল-সায়েদের বিরুদ্ধে প্রধান রাজনৈতিক কৌশল বানিয়েছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, “ভোটারদের এই অন্ধ বিদ্বেষ প্রত্যাখ্যান আমাদের জন্য অত্যন্ত বড় ঘটনা। আব্দুল নামের প্রতিটি ছেলে, জয়নাব নামের প্রতিটি মেয়ে আর ববি নামের প্রতিটি শিশুর জন্যই এটি এক বিশাল বিষয়। কারণ, দিনশেষে আসল কথা হল, এই দেশ একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রকে সমর্থন করে কি না।”
এর আগে গত অগাস্টে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি নির্বাচনে জয় পান আল-সায়েদ। ওই নির্বাচনে তাকে হারাতে ৩ কোটি ডলারের বেশি অর্থ ব্যয় করেছিল ইসরায়েলপন্থি প্রভাবশালী লবি গ্রুপ ‘আইপ্যাক’ (এআইপিএসি)।
ইসরায়েলের নীতি ও গাজায় গণহত্যার প্রকাশ্য সমালোচক এল-সায়েদের বিরুদ্ধে এরপর ট্রাম্প ও রিপাবলিকানরা একের পর এক ভিত্তিহীন অপপ্রচার শুরু করে। তাকে এমনকি ‘জিহাদি’ ও ‘মুসলিম ব্রাদারহুড’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলেও দাবি করা হয়।
তবে ধর্মীয় বিদ্বেষের মুখেও জনস্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা আল-সায়েদ সাধারণ মানুষের সংকট নিরসনের বিষয়গুলো নিয়েই প্রচারণা চালিয়ে গেছেন।
তার প্রতিশ্রুতির মধ্যে ছিল সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা (মেডিকেয়ার ফর অল), নির্বাচনী রাজনীতিতে অর্থের প্রভাব বন্ধ করা এবং জীবনযাত্রার চড়া ব্যয় কমানো। তাছাড়া, বিদেশি যুদ্ধের পেছনে তহবিল খরচ না করে স্থানীয় বিষয়গুলোর সমাধানে সেই অর্থ ব্যবহারের আহ্বান জানান তিনি। তবে ভোটের ঠিক আগের দিনগুলোতে বড় ধাক্কা আসে ডেমোক্র্যাট শিবিরের ভেতর থেকেই।

প্রাইমারিতে হেরে যাওয়া কট্টর ইসরায়েলপন্থি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেনস প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন দেন।
মিশিগানে বিপুলসংখ্যক আরব আমেরিকানের বাস থাকায় রিপাবলিকানরা কৃষ্ণাঙ্গ ও আরব ভোটারদের মধ্যে বিভেদ তৈরি করে ডেমোক্র্যাটদের ভোট কমাতে চেয়েছিল।

ট্রাম্প প্রকাশ্যে মন্তব্য করেছিলেন, যেসব কৃষ্ণাঙ্গ বা ইহুদি এল-সায়েদকে ভোট দেবে তারা ‘পাগল’। তবে নির্বাচনের প্রাথমিক ফলে দেখা গেছে, ডেট্রয়েটের কৃষ্ণাঙ্গ ভোটাররা বিপুলভাবে এল-সায়েদের পক্ষেই রায় দিয়েছেন।

ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে ভোট দেওয়া গ্যারি কলবার্ট নামের এক কৃষ্ণাঙ্গ ভোটার ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় আল-জাজিরাকে বলেন, “সবাই জানে আসল পাগল কে। তিনি যা খুশি তা-ই বলে বেড়ান।”

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ার ক্ষোভ তুলে ধরে তিনি আরও বলেন, ট্রাম্প ও তার সঙ্গীরা সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষতি করছেন। তাদের কোনও দায়বোধ নেই। দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটের অভিবাসী ভোটারদের কাছে ট্রাম্প প্রশাসনের ধরপাকড় নীতির অবসান ঘটানোই ছিল সবচেয়ে বড় বিষয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত