নিউজ ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬
Netaniahu and Eisenkot
দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধী জোটগুলোর সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী বলে জানিয়েছেন তার এক সহযোগী। ইসরায়েলের পার্লামেন্টে গত সপ্তাহে নির্বাচন হয়। তবে কোনো দল ও জোট সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনে নেসেটের ১২০টি আসনের মধ্যে অন্তত ৬১টি আসন লাগবে।
কিন্তু নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অপরদিকে প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোতের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৯টি আসন। আর আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
এর মধ্যে আইজেনকোতের জোট ও আরব দলগুলো মিললে তারা সহজেই সরকার গঠন করতে পারবে। তবে গাদির জোটে অন্য যেসব দলের নেতা আছেন তারা আরবদের ওপর নির্ভরশীল হতে চান না। ফলে এখন সরকার গঠন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় নেতানিয়াহু এখন আইজেনকোতের সঙ্গে ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন।
গত রবিবার ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সরকার গঠনে কোনো সমাধান না আসায় নেতানিয়াহু ঐক্য সরকার গঠনে আগ্রহী। আর এই সরকারের গ্যারান্টর হিসেবে থাকবেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজগ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ নিয়ে নেতানিয়াহুর মিত্র বেনি বিটন সংবাদমাধ্যমটিকে বলেছেন, “আমি সরাসরি সূত্রের ভিত্তিতে বলছি: বেঞ্জামিন নেতানিয়াহু ঐক্য চান… আমি এটি আমার নিজের ভাষায় বলছি। আমি নিশ্চিত করে বলছি এটি কোনো কূটকৌশলও নয় বা নির্বাচনী কৌশলও নয়। নেতানিয়াহু ঐক্য চান।”
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন, উগ্রপন্থি বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরকে বাদ দিয়ে যেন তারা ঐক্য সরকার গঠন করে। সূত্র : কান পাবলিক ব্রডকাস্টার