কেলেঙ্কারিতে পতন হুয়াং সাম্রাজ্যের, এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ

নিউজ ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬

কেলেঙ্কারিতে পতন হুয়াং সাম্রাজ্যের, এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ

Jensen Huang and Colette Kress

চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক ব্যবসায়ী নারীর সঙ্গে সম্পর্কের জেরে চিপ জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হলেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং।  সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, গত কয়েক দিন ধরে নানা আলোচনা আর টানাপড়েনের পর বৃহস্পতিবার এনভিডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা হুয়াংয়ের পদত্যাগের কথা জানায়। এদিকে জেনসেন হুয়াংয়ের জায়গায় আপাতত দায়িত্ব নিচ্ছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস।

এনভিডিয়া বলেছে, স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত কোলেট ক্রেস নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং সিএফও পদের পাশাপাশি অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করবেন।

কোম্পানির পরিচালানা পর্ষদ এরইমধ্যে নতুন সিইও খুঁজতে শুরু করেছে এবং ভেতরের ও বাইরের দুই ধরনের প্রার্থীদেরই বিবেচনা করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট। এই রদবদলের অংশ হিসেবে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন কোম্পানি ‘সিনপসিস’-এর সাবেক সিইও ও নির্বাহী চেয়ারম্যান হার্ভে জোন্সকে কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারপারসন করেছে এনভিডিয়া।

জোন্স এক বিবৃতিতে বলেছেন, “কোলেট এনভিডিয়ার অসাধারণ প্রবৃদ্ধির সময় নেতৃত্ব দিতে সহায়তা করেছেন এবং আমাদের ব্যবসা, গ্রাহক, পরিচালনা ও আর্থিক অবস্থান সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে।” পর্ষদের প্রতি কোলেটের পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে তিনি বলেন, কোম্পানির কার্যক্রম, গ্রাহক প্রতিশ্রুতি ও পণ্যের রোডম্যাপ বাস্তবায়ন নির্বিঘ্নেই চলবে বলে তারা আশা করছেন।

যে কেলেঙ্কারির জেরে পদত্যাগ : চামড়ার জ্যাকেট পরার জন্য সুপরিচিত ৬৩ বছর বয়সী হুয়াং বিশ্বজুড়ে অনেকটা রকস্টারের মত জনপ্রিয়তা উপভোগ করতেন। সিলিকন ভ্যালিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন বলে পরিচিত।

গত মাসে খ্যাতনামা নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামে এক চীনা নারীর সম্পর্ক ছিল। ওই নারী সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের সাবেক নির্বাহী। মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত চালিয়ে তাকে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করে।

গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁয় নৈশভোজ ও বিভিন্ন বৈঠকে অ্যালিস হুয়াং ও জেনসেনকে একসঙ্গে দেখা গেছে। সেসব ছবি মিডিয়ায় আসতে শুরু করলে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। ১৯৮৫ সাল থেকে স্ত্রী লোরির সঙ্গে সংসার করা জেনসেন গত ৯ নভেম্বর কর্মীদের পাঠানো এক ইমেইলে পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করেন। তবে অ্যালিস হুয়াংয়ের নাম প্রকাশ না করে জেনসেন শুধু এটুকুই বলেন, স্ত্রীর সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক তিনি রক্ষা করতে পারেননি।

বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে জেনসেনকে নিয়ে তদন্তের ঘোষণা দেয় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। পর্ষদ সে সময় এও বলেছিল, জেনসেনের সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার কোনো প্রাইভেসি লঙ্ঘিত হওয়ার মত কোনো তথ্য তাদের জানা নেই।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইও বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে পরে তথ্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেন, যে অভিযোগ হুয়াংয়ের বিরুদ্ধে উঠেছে তাতে তিনি ‘বিস্মিত’। হুয়াংয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, ওই নারী যে গুপ্তচর, তা হুয়াং জানতেন না বলে তাকে জানিয়েছেন। “আমি জানি এফবিআই বিষয়টি খতিয়ে দেখছে। আমি মনে করি হুয়াং ঠিকঠাকই থাকবে,” বলেন ট্রাম্প।
গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁয় নৈশভোজে ও বিভিন্ন বৈঠকে অ্যালিস হুয়াং ও জেনসেনকে একসঙ্গে দেখা গেছে।

এর মধ্যে মঙ্গলবার দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন চীনা কোম্পানির কাছে এনভিডিয়ার অন্তত ৭৫০ কোটি ডলারের চিপ সরবরাহের পথ সুগম হয়েছিল।

দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তিনি স্বামী ও বোনকে সঙ্গে নিয়ে চীন ও সিঙ্গাপুরজুড়ে একাধিক কোম্পানির সমন্বয়ে একটি ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল এনভিডিয়ার চিপ সংগ্রহ করা। তাদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান ছিল চীনাভিত্তিক সাংহাই সেঞ্চুরি লিটং।

সেঞ্চুরি লিটং ২০২৩ সালে এনভিডিয়ার কাছ থেকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্লাউড পার্টনারের মর্যাদা পায়। এর ফলে এনভিডিয়ার চিপ সংগ্রহে অগ্রাধিকার সুবিধা পেত তারা। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় চিপের অর্ডার আটকে গেলে অ্যালিস হুয়াং এনভিডিয়া ও কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে চিপের সরবরাহ নিশ্চিত করতেন।

দ্য ইনফরমেশনের দাবি, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে নিজের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিলেন অ্যালিস হুয়াং। যদিও ব্যবসায়িক কর্মকাণ্ডে নিজের ভূমিকা অস্পষ্ট রেখেছিলেন এবং এ বিষয়ক কোনো লিখিত নথি বা প্রমাণও রাখতেন না তিনি। সিঙ্গাপুরে নিবন্ধিত মেগাস্পিড নামের একটি কোম্পানির নির্বাহী পদে দায়িত্ব পালন করতেন অ্যালিস হুয়াং। ওই কোম্পানির সঙ্গে সেঞ্চুরি লিটংয়ের যোগসূত্র ছিল।
দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে চীনে এনভিডিয়ার চিপ পাঠানোর অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ মেগাস্পিডের কার্যক্রম নিয়েও তদন্ত করছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে বলা হয়, জেনসেন তার অধীনে কর্মরত এনভিডিয়ার এক কর্মকর্তার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন এবং চলতি বছর কোম্পানির এক সম্মেলনে একটি হোটেলে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল। ওই ঘটনার ভিডিও ধারণকারী এক প্রত্যক্ষদর্শীকে জেনসেনের সিকিউরিটি টিম এক গোপন চুক্তিতে স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছিল বলে উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে।

চমকপ্রদ উত্থানের পর নাটকীয় বিদায় : এআই শিল্পের মূল চালিকাশক্তিতে পরিণত হওয়া কোম্পানি এনভিডিয়ার জন্য জেনসেনের এই বিদায় এক নাটকীয় মোড় নিল। ১৯৯৩ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরুর পর থেকেই তিনি কোম্পানিটির সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বেই সাধারণ থ্রি-ডি গ্রাফিক্স কোম্পানি থেকে চার ট্রিলিয়ন ডলারের বেশি দামের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এনভিডিয়া।

সাম্প্রতিক বছরগুলোতে এনভিডিয়ার শেয়ারের দাম আকাশচুম্বী হওয়ার সঙ্গে সঙ্গে এআই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন জেনসেন। চিরচেনা কালো চামড়ার জ্যাকেট পরা জেনসেনকে প্রায়ই মার্ক জাকারবার্গ ও সাত্যিয়া নাদেলার মতো শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে বিভিন্ন আয়োজনে দেখা যেত।

বিশ্বের শীর্ষস্থানীয় এআই গবেষকরা ‘সুপারইন্টেলিজেন্স’-এর ঝুঁকি নিয়ে যেখানে সতর্কবার্তা দিচ্ছেন, সেখানে এই প্রযুক্তির বিষয়ে বরাবরই বেশ ইতিবাচক মনোভাব পোষণ করতেন জেনসেন।
তিনি এই খাতে বাড়তি নিয়ন্ত্রণের বিরোধিতা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে তৈরি চিপ কেনার ক্ষেত্রে চীনের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার পক্ষেও মত দিয়েছিলেন। কেলেঙ্কারি বিষয়টি সামনে আসার পর এনভিডিয়া ও জেনসেন উভয়কেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল আগেই খবর দিয়েছিল, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেনকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই খবরে বৃহস্পতিবার কোম্পানির শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ পড়ে যায়। আর গত কয়েক দিনে সব মিলিয়ে এনভিডিয়ার শেয়ার দর ১১ শতাংশের বেশি কমেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত