তামার তার আধুনিকায়নের সঙ্গে সংশ্লিষ্ট ত্রুটি

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিলের জেরে চরম বিশৃঙ্খলা

জাগো প্রহরী ডেস্ক

১৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিলের জেরে চরম বিশৃঙ্খলা

Flight Cancellations Chaos in USA

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সারাদেশে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত থাকে। এর ফলে শুক্রবার প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল হওয়ার পর আরও সাত হাজারের বেশি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে অভ্যন্তরীণ, যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ও আগমণের সূচী থাকা ফ্লাইট রয়েছে।

রয়টার্স লিখেছে, শুক্রবার ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভ্রমণের জন্য অন্যতম বাজে দিন। যার জেরে শনিবার যুক্তরাষ্ট্রের বড় এয়ারলাইন্সগুলো আরও ৩৮০৭টি ফ্লাইট বাতিল করেছে এবং ২১৪৫টি ফ্লাইটের সময়সূচী পিছিয়ে দিয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর দেশটিতে এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দেশব্যাপী ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘটনা, যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

বিমান চলাচল স্থগিত রাখার নির্দেশটি শুক্রবারই রাতেই তুলে নেওয়া হয়, কিন্তু এরপর থেকে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা ও ফ্লাইট জট।

ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, ডেল্টা এয়ার লাইন্স, ইউনাইটেড এবং আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের সংখ্যা সবচেয়ে বেশি, যথাক্রমে ৬৫২টি, ৫৫৩টি এবং ৫২০টি।
ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শিকাগোর ও’হেয়ার, আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, ‘তামার তার আধুনিকায়ন করার পরবর্তী একটি সমস্যার কারণে’ বিমান চলাচলে এ বিপর্যয় ঘটেছে।
শুক্রবারের ব্যাপক ফ্লাইট স্থগিতাদেশের আগে কী ঘটেছিল সে বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ডাফি ফের উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের একটি ‘অবিশ্বাস্য রকমের পুরনো টেলিযোগাযোগ ব্যবস্থা’ রয়েছে।

তিনি ব্যাখ্যা করে বলেন, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এল৩হ্যারিস’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে তামার তার (কপার ওয়্যার) থেকে ফাইবার অপটিকে রূপান্তরের রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। তিনি বলেন, “তারটি এতোই পুরানো ছিল যে এর ব্যবহার বন্ধ করে দেওয়া হচ্ছিল। এই কাজটি বহু বছর ধরে চলে আসছে।”
ডাফি আরও জানান, এই সমস্যাটি এল৩হ্যারিসের পক্ষ থেকে ‘অযোগ্যতার’ কারণে সৃষ্টি হয়েছে নাকি কোনো ত্রুটিপূর্ণ সরঞ্জামের কারণে ঘটেছে, সরকার তা খতিয়ে দেখার চেষ্টা করছে।

তিনি জানান, যে রাউটারটিতে কাজ করা হচ্ছিল সেটি অতিরিক্ত তথ্যের চাপে অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমগুলোকে অচল করতে শুরু করে, যা উড়োজাহাজের সঙ্গে যোগাযোগে সমস্যা তৈরি করে এবং নিরাপত্তার কারণে সরকারকে আকাশসীমা বন্ধ করে দিতে বাধ্য করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত