নিউজ ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬
Voting underway in USA
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটিজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলতে শুরু করার আগেই প্রায় ৫ কোটি ৮৭ লাখ ভোট পড়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি ভোট পড়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাব প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫২১ জন সরাসরি আগাম ভোট দিয়েছেন। আর ডাকযোগে ভোট দিয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৫৪১ জন।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আরও বেশি অঙ্গরাজ্যে আগাম ভোট দেওয়ার সুযোগ চালু হয়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্য অনুযায়ী, দেশটির ৯৭ শতাংশ ভোটার এমন এলাকায় বসবাস করেন, যেখানে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন লাখো ভোটার। এ নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবগুলোতে, সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে এবং অঙ্গরাজ্য পর্যায়ের বিভিন্ন পদে ভোট হচ্ছে। এসব পদের মধ্যে ৩৬টি রাজ্যের গভর্নরও রয়েছেন।
বর্তমানে কংগ্রেসের দুই কক্ষই নিয়ন্ত্রণ করছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পর্যাপ্ত আসনে জয়ী হয়ে দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা আটকে দেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রেসিডেন্ট ও তার প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করার সুযোগও পাবে দলটি।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৫টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।