সাজ্জাদ হোসেন সবুজ
১৩ নভেম্বর ২০২৬
Sheikh Hasina
পূর্ব ঘোষণা অনুযায়ী আসছে ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে অনড় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এই অনড় অবস্থানের প্রকাশ পেয়েছে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করার মধ্য দিয়ে।
শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া এই আবেদন তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন রাজনৈতিক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।যদিও বাংলাদেশ সরকার বর্তমানে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু তার দল আওয়ামী লীগ তাকে ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্পূর্ণ অনড়।
দলটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনা ঝুঁকি থাকলেও ডিসেম্বরেই দেশে ফিরবেন। এই অবস্থানে অটল রয়েছেন তাদের নেত্রী। আর সেজন্য সারাদেশে তাদের দলকে সাংগঠনিক দিক থেকে গোছানো হয়েছে বলেও তিনি দাবি করেন। আরাফাত মনে করেন, প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত নেওয়া বিএনপি সরকারের জন্য বেশ কঠিন। তিনি নিজের ঘোষণা অনুযায়ীই দেশে ফিরবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবার ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনা ওই আবেদন করেছেন, যা রয়টার্স দেখার সুযোগ পেয়েছে।
রয়টার্স লিখেছে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
রয়টার্স বলেছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন।
চিঠিতে বলা হয়, “আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা। রয়টার্স লিখেছে, এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি।
শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই আবেদনকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন।
সোমবার সকালে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে সরকারের মন্ত্রী, বিএনপির সিনিয়র নেতারা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও কথা বলেন। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য যে আবেদনটি করেছেন সেটির সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক ব্রিফিংয়ে এই আবেদনটিকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। “বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে”, যোগ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যে ব্রিটিশ ল ফার্ম ওই চিঠি পাঠিয়েছে, তাদের উচিত শেখ হাসিনার মত মক্কেলের পক্ষে দাঁড়ানোর আগে তার কর্মকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সোমবার সকালে একটি ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত ছিল, তা করেননি। তিনি ফিরে আসবেন না, এগুলো তার রাজনৈতিক স্ট্যান্টবাজি।’
আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বর্তমান সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভয় পাচ্ছে, যে কারণে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছে না। শেখ হাসিনাকে কেন দেশে ফিরতে দেওয়া হচ্ছে না- এই প্রশ্ন রেখে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, তারা বলছিল শেখ হাসিনা ফেরত আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন- সেই প্রশ্ন রাখেন তিনি।
আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মনে করেন, নাগরিক হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, “প্রত্যেক মানুষের নিজস্ব পরিচয়পত্র এবং পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? সংবিধান তো সরকারকে সেই অধিকার দেয়নি”।
যদিও সরকার বর্তমানে ভারতে নির্বাসিত শেখ হাসিনাকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ সরাসরি নাকচ করে দিয়েছে। কিন্তু তার দল আওয়ামী লীগ তাকে ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সম্পূর্ণ অনড় এবং দৃঢ় প্রতিজ্ঞ।
আওয়ামী লীগ নেতাদের ভাষ্যমতে, ঢাকা অনুরোধের জবাব না দিলে ল ফার্মটি একটি ফলোআপ নোটিশ পাঠাবে বাংলাদেশ সরকারকে।
অসমর্থিত সূত্রকে উদ্ধৃত করে কোনো কোনো গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েছেন। তবে আওয়ামী লীগ নেতাদের উদ্ধৃত করে রয়টার্স লিখেছে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর।
রাজনৈতিক ও কূটনৈতিক মহল মনে করছেন এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টির পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনার আরও একটি ক্ষেত্র তৈরি হয়েছে।
তাঁরা এ পদক্ষেপকে আওয়ামী লীগের একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন যার লক্ষ্য হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনকে একটি জনসংশ্লিষ্ট ও কূটনৈতিক ইস্যুতে পরিণত করার মাধ্যমে বিএনপির ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা।
শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি প্রদানের ব্যাপারে সরকারের নেতিবাচক অবস্থান সত্ত্বেও, আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন ডিসেম্বরে তাঁর দেশে ফেরা নিয়ে দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তাদের দাবি দলের নেতা-কর্মীদের নভেম্বরের মধ্যে কলকাতায় জড়ো হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আওয়ামী লীগ সভানেত্রীর ফিরে আসাকে কেন্দ্র করে পরিকল্পিত কর্মসূচিতে তারা অংশ নিতে পারেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তার প্রত্যর্পণের বিষয়টিকে কারিগরি ও আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছে ভারত। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘এ প্রসঙ্গে আমি আগেও বলেছি। আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’ তবে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সঙ্গে আলোচনা বা সমঝোতায় কোনো ভূমিকা রাখতে পারে কি না—জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘প্রশ্নটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এ বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান কী—তা জানানোর জন্য তারাই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ।’
অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কয়েক দফায় আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। তবে ভারত সরকারের তরফে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। তারা বরাবরই বলে আসছে এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।
ঢাকায় ৩ অক্টোবর একটি অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বলেন ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে বারবার এটি বলেছে যে এর একটি প্রক্রিয়া রয়েছে। তিনি বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে আইনি বিষয় জড়িত এবং এটি একটি সুনির্দিষ্ট কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। “সে কারণে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চালু রয়েছে। যেহেতু আদালত যুক্ত রয়েছে, তাই কেউ এ নিয়ে নির্দিষ্ট সময়সীমা বেধে দিতে পারে না”।
দুই দেশের সাবেক কূটনীতিকদের অনেকে মনে করেন, প্রত্যার্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, সেই সম্ভাবনা কম। ভারত সে পথে যাবে না বলে তাদের ধারণা। তারা মনে করেন ভারত সরকার তাকে অপরাধী হিসেবে নয়, একজন রাজনীতিক হিসেবে উচ্চ মর্যাদা দিয়ে আশ্রয় দিয়েছে। ফলে রাজনৈতিক চিন্তার বাইরে গিয়ে ভারত তাকে চুক্তিটির আওতায় ফেরত দেবে না বলে তাঁদের ধারণা। বিএনপি সরকারের নীতিনির্ধারকদেরও কারও কারও এখন একই ধারণা বলে মনে হয়েছে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার “অভ্যুত্থান দমনে” প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়।
চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। কারণ জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার পাসপোর্ট বাতিল করা হয়।
সোমবার লন্ডনের ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে এই আবেদন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা। পরে সেই আবেদনটির সত্যতা যাচাই করার জন্য সেটি বাংলাদেশে পাঠানো হয়েছে।
এরপরই এটি নিয়ে সরকারের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া পাওয়া গেছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারাও সংবাদে এমন একটি তথ্য পেয়েছেন, তবে এর সত্যতা যাচাই করতে পারেনি সরকার। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং এর আইনগত ভিত্তি কী কিংবা আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না, সে সবের আইনগত দিক বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।
ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার আইনজীবীরা বলেছেন যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল। যে কারণে এখন নতুন করে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদন জানানো হচ্ছে।
এমন একটি চিঠি পাওয়ার কথা জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বলেছেন, “এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র নেই”।
তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, শেখ হাসিনার এই আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেছেন, পাসপোর্ট ও এনআইডির জন্য আইনিভাবেই ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা।
চব্বিশের জুলাই-আগস্ট “ছাত্র-জনতার আন্দোলনে” হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯ নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৪৫৩টি।
ভারত কী চায়, কোন শর্তে শেখ হাসিনা ফিরবেন?
দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।
প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, “আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।” সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন। এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।