হুথিদের হামলা নিয়ে ইরানি প্রেসিডেন্ট : সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না

নিউজ ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের হামলা নিয়ে ইরানি প্রেসিডেন্ট : সৌদির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি না

Iran President Masud Pezeskian

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সৌদির সঙ্গে হুথিদের সমস্যা রয়েছে। কিন্তু সৌদির বিরুদ্ধে ইরান কোনো যুদ্ধ করছে না। রবিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে মাসুদ পেজেশকিয়ান বলেন, “সৌদি আরবের সঙ্গে আমরা যুদ্ধ করছি না। হুথিদের (সৌদির সঙ্গে) নিজস্ব ইস্যু আছে। আমি বারবার বলেছি, এই অঞ্চলের সব দেশের একসঙ্গে আলোচনায় বসা এবং এখানে শান্তি ও স্থিতিশীলতা স্থাপন করা উচিত। আমাদের একে-অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে জড়ানোর কোনো কারণ ও যুক্তি নেই।”

হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস : ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখা দখল করেছে হুথি বিদ্রোহীরা। তাদের এ জয় নিয়ে ইরানের রাজনৈতিক এবং সংবাদমাধ্যমে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অনেকে হুথিদের এ জয়কে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের জয় হিসেবে দেখছেন।

হুথি বিদ্রোহীদের বেশিরভাগই জাইদি শিয়া মুসলিম। ২০১৪ সালে পশ্চিমা ও সৌদি আরব সমর্থিত সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ শুরুর পর রাজধানী সানা দখলের পর থেকেই লড়াই করে যাচ্ছে তারা।

লোহিত সাগরে হুথিদের এই বিজয়কে ‘আল্লাহর দেওয়া জয়’ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি। গতকাল শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “পূর্ব উপকূলে আনসারুল্লাহদের (হুথিদের) জয় আল্লাহর দেওয়া জয় এবং কঠিনতম যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর দৃঢ় প্রতিজ্ঞ থাকার ফল।”

গত ১১ সেপ্টেম্বর বন্দরনগরী মোখা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয় হুথি বিদ্রোহীরা। যা ইয়েমেনের সরকারের জন্য অনেক বড় একটি ধাক্কা। মোখার নিয়ন্ত্রণ হারানোর মাধ্যমে লোহিত সাগরে নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে ইয়েমেনি সরকার।

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ২০২৪ সালের একটি পুরোনো বক্তব্য আবারও সামনে এনেছেন। যেখানে খামেনি বলেছিলেন, “হুথিদের প্রতিরোধ তাদের বিজয়ের পথে নিয়ে যাবে।”

ঘালিবাফ নিজে হুথিদের জয় নিয়ে বলেছেন, “সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইয়েমেনের সাহসী জনগণ নিশ্চিতভাবে বিজয়ী হবে।”

অপরদিকে দেশটির ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ বলেছেন, হুথিদের এ জয়ে ইরান সরকার খুশি। তিনি বলেন, “এই অঞ্চলের সব দেশকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ওপর নির্ভরতা থেকে স্বাধীন হয়ে ইসলামের পতাকাতলে একতাবদ্ধ হওয়া উচিত।” সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত