নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ভুল পথে আসা গাড়ির ধাক্কায় আরেক গাড়িতে থাকা এক বাংলাদেশি পরিবারের দুই সদস্য নিহত ও দুজন আহত হয়েছে। এ ঘটনায় ভুল পথে আসা গাড়ির চালকও আহত হয়েছেন, যিনি ঘটনার সময় মদ্যপ ছিলেন বলে সেখানকার অ্যাটর্নি জানিয়েছেন। ২৯ আগস্ট সন্ধ্যায় মন্টগোমারি কাউন্টিতে বেথেসডার কাছে ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মা শামিমা বেগম (৪৬) ও মেয়ে আরিহা জাহিন (২৩)। শামিমার স্বামী ফারুক হোসেন (৬২) ও আরেক কন্যা রুবাইয়া হোসেন (৯) আহত হয়েছেন। এ পরিবারের গাড়িটি চালাচ্ছিলেন ফারুক।
তাদের বাসা ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায়। বছর কয়েক আগে বাংলাদেশের বরগুনা থেকে তারা অভিবাসন ভিসা যুক্তরাষ্ট্রে আসেন। মেরিল্যান্ডের গেইথার্সবার্গে ইসলামিক সেন্টারে সোমবার জানাজা শেষে সেখানেই নিহতদের দাফন করা হয়েছে।
শেষ বিদায় আয়োজনে অংশ নিতে নিউইয়র্ক থেকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “পুরো পরিবারের এমন পরিণতিতে গোটা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় আহত ফারুক হোসেনের বুকের পাঁজরের ৭টি হাড় ভেঙে গেছে। পিঠেও ব্যাথা পেয়েছেন।
“রুবাইয়া মাথায় আঘাত পেয়েছে। তাদেরকে মেরিল্যান্ড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।”