ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ নেতা মোহাম্মদ বাকেরকে যুক্তরাষ্ট্রে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে ২০২৬

ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ নেতা মোহাম্মদ বাকেরকে যুক্তরাষ্ট্রে সোপর্দ

Kataib Hezbollah Flag

ইউরোপে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগে এক ইরাকি নাগরিককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংক্রান্ত ছয়টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

কৌঁসুলিরা বলছেন, মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি নামের ওই ব্যক্তি ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী ‘কাতাইব হিজবুল্লাহ’-এর এক শীর্ষস্থানীয় সদস্য। তার বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে বৈষয়িক সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট এর মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন এক বিবৃতিতে বলেন, আল-সাদি ইউরোপ ও যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২০টি হামলা এবং হামলার চেষ্টায় সমর্থন দিয়েছেন বা সমন্বয় করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হত্যা চেষ্টার মতো ভয়াবহ পরিকল্পনাও শামিল ছিল।

মার্কিন সরকার এবং স্বাধীন বিশেষজ্ঞদের মতে, কাতায়িব হিজবুল্লাহ মূলত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নির্দেশনায় পরিচালিত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে মার্কিন সেনা ও তাদের মিত্রদের ওপর ইরান সমর্থিত মিলিশিয়াদের হামলা ও তৎপরতার ওপর তীক্ষ্ণ নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হল।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আল-সাদিকে বিদেশে মার্কিন হেফাজতে নেওয়া হয় এবং পরে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বিচার না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, তাকে তুরস্ক থেকে আটক করে মার্কিন কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।

কৌঁসুলিদের অভিযোগ, ইরান সমর্থিত এই মিলিশিয়া নেতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা, এমনকি মার্কিন ও ইহুদি বেসামরিক নাগরিকদের হত্যার চেষ্টাও চালাচ্ছিলেন।

অভিযোগের বিষয়ে আল-সাদির আইনজীবী আন্দ্রে ডালাক বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানান এবং আল-সাদির আটকের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

রয়টার্সকে তিনি বলেন, “আপাতত আমরা তার বন্দিত্বের পরিবেশ নিয়ে বেশি উদ্বিগ্ন। আমরা জানতে পেরেছি তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, যা আমাদের দৃষ্টিতে নিষ্ঠুর এবং অপ্রয়োজনীয়।”

মামলার নথির বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, আল-সাদি ও তার সহযোগীরা বিদেশে মার্কিন স্বার্থের ওপর বোমা হামলা ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কাজে যুক্ত ছিলেন। তাছাড়া, তিনি নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং অ্যারিজোনাসহ যুক্তরাষ্ট্রের ভেতরে বেশ কিছু জায়গায় হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন বলেও অভিযোগ আছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০