নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৬
স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ডেভিড টার্নবুল স্মারকলিপি গ্রহণ করেন আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের কাছ থেকে। ছবি-জাগো প্রহরী।
আওয়ামী লীগ নিষিদ্ধের আইন প্রত্যাহার, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গায়েবি মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেশ কয়েকজন সাংবাদিকসহ হাজারো নেতা-কর্মীকে আটক রাখা এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বিনাশর্তে প্রত্যাহারে তারেক সরকারকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় ৩০ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
এদিন ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসীদের বিক্ষোভ-সমাবেশও অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক মহানগর, নিউইয়র্ক স্টেটসহ বিভিন্ন স্টেট আওয়ামী লীগের সহযোগিতায় এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ড. সিদ্দিকুর রহমান এবং আব্দুস সামাদ আজােেদর নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সার্বিক সমন্বয়ে ছিল মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ ও ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধ’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ আইন-মানি না-মানবো না’, ‘আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আইন ভাঙ্গবো-শেখ হাসিনাকে আনবো’, ‘নিষেধাজ্ঞায় লাথি মার-জয় বাংলা বলে আগে বার’, ‘নাই নাই নাই নাই-দেশে কোনো আইন নাই’, ‘নিষেধাজ্ঞা ভাঙ্গবো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আনবো’, সারা দেশে হাহাকার রক্ষায় শেখ হাসিনার দরকার’, ‘রূপপুর পারমাণবিক কেন্দ্র শেখ হাসিনার জন্য’ ইত্যাদি স্লোগানে গোটা এলাকা প্রকম্পিত করেন নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা। এ সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও কৌতূহলী দৃষ্টি দিয়ে এসব প্রত্যক্ষ করেছেন।
ড. সিদ্দিকুর রহমান এ সময় বলেন, বর্তমানে জনগণের দুর্ভোগের জন্য দায়ী খুনি-ফ্যাসিস্ট ইউনূস ও তার অসাংবিধানিক পাতানো নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত তারেক রহমানের সরকার। তিনি অভিযোগ করেন, আজকে বাংলাদেশের সকল ক্ষেত্রে দুরবস্থা, নৈরাজ্য ও উন্নয়ন বন্ধ, সাধারণ মানুষের এখন একটাই অনুভূতি: শেখ হাসিনা দ্য বেস্ট, শেখ হাসিনা দ্য গ্রেট।’
ড. সিদ্দিক উল্লেখ করেন, এ দুর্যোগ থেকে রক্ষা করতে পারে স্বাধীনতায় নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
বক্তারা উল্লেখ করেন, জননেত্রী শেখ হাসিনাসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত আজগুবি মামলাগুলো নিঃশর্তে প্রত্যাহার ও অবৈধ রায় বাতিল করতে হবে। এ সময় বক্তব্য প্রদান করেন ডা. মাসুদুল হাসান, আব্দুস সামাদ আজাদ, রফিকুর রহমান রফিক, ইমদাদ চৌধুরী, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, সোলায়মান আলী, মাহমুদুন্নবী বাকি, শেখ সেলিম, মমতাজ শাহনাজ, শাহানারা রহমান, হৃদয় মিয়া প্রমুখ।
র্যালি থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা ডেভিড টার্নবুল। এটি হস্তান্তর করেন ড. সিদ্দিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।