লস অ্যাঞ্জেলেসে হানিফ সংকেতের ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তি উদযাপন

লসএঞ্জেলেস প্রতিনিধি

২২ এপ্রিল ২০২৬

লস অ্যাঞ্জেলেসে হানিফ সংকেতের ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তি উদযাপন

হানিফ সংকেতের উদ্ভাবনী চিন্তা-চেতনার প্রশংসা করে বক্তব্য দেন বিশ্বখ্যাত গণমাধ্যম টাইম ম্যাগাজিনের খ্যাতিমান সাংবাদিক ড. উইলিয়াম ডি ফিঙ্কেল। ছবি-জাগো প্রহরী।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলাদেশের টেলিভিশন জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র রূপকার হানিফ সংকেত-এর ‘স্বাধীনতা পদক ২০২৬’ প্রাপ্তির বিশেষ আনন্দোৎসব। গত ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সাইন্টোলজি মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত প্রবাসী বাঙালি তাদের প্রিয় ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

উল্লেখ্য, ব্যক্তিগত ব্যস্ততার কারণে হানিফ সংকেত সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ঢাকা থেকে টেলিফোনে লস অ্যাঞ্জেলেস প্রবাসীদের এই মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর ‘স্বাধীনতা পদক’ দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের প্রতি উৎসর্গ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বখ্যাত গণমাধ্যম টাইম ম্যাগাজিন, লস অ্যাঞ্জেলেস টাইমস ও বস্টন গ্লোবের খ্যাতিমান সাংবাদিক ড. উইলিয়াম ডি ফিঙ্কেল। উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি আলোকচিত্র সাংবাদিক হিসেবে মার্কিন গণমাধ্যমে যুদ্ধের ভয়াবহতা ও বাঙালির বীরত্ব তুলে ধরেছিলেন।

হানিফ সংকেতের কাজের প্রশংসা করে উইলিয়াম ডি ফিঙ্কেল তাকে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা টিভি উপস্থাপক জে লেনোর মত উল্লেখ করে বলেন, ‌’হানিফ সংকেত বাংলাদেশের ‘জে লেনো’। তিনি তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা কেবল বিনোদনে নয়, বরং বাংলাদেশের মানুষের সমাজ উন্নয়নে ও সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করেছেন।’

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হানিফ সংকেতের জনপ্রিয় ‘নানা-নাতি’র আদলে বিশেষ মঞ্চ নাটক ‘হলিউডে নানা-নাতি’। সাইফুর রহমান ওসমানী জিতুর রচনা, সংগীত ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন কাজী মশহুরুল হুদা ও আবু হানিফা। প্রবাসের প্রেক্ষাপটে নির্মিত এই ব্যতিক্রমী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

শুরুতে হানিফ সংকেতের বর্ণাঢ্য জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় প্রবাসী শিল্পী সাইফ কুতুবী, অ্যাপোলো হাফিজুর রহমান, নাহার লিপি, টিটো ইসলাম, এস বি স্রেয়াস ও সাইফ আলম হিমু। দেশাত্মবোধক গানের সাথে চমৎকার নৃত্য পরিবেশন করেন শানতিভা রিমপ্পি।

কমিউনিটি ব্যক্তিত্ব ও নীরব সমাজকর্মী মমিনুল হক বাচ্চু, সাইফুর রহমান ওসমানী জিতু, শামীম হোসেন, কাজী মশহুরুল হুদা ও সফিউল আলম বাবুর সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজন সাফল্যজনকভাবে সম্পন্ন হয় বলে সুধীজনেরা মন্তব্য করেছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমি।

আয়োজকরা জানান, নানা প্রতিকূলতা থাকা সত্ত্বে হানিফ সংকেতের মতো একজন ব্যক্তিত্বের রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিকে উদযাপন করা তারা দায়িত্ব মনে করেছেন। উপস্থিত দর্শকরা গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এমন সৃজনশীল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১