আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬
আফ্রিকার চার দেশে ১০ দিনের এক সফরের অংশ হিসেবে আলজেরিয়া থেকে ক্যামেরুন গিয়ে চতুর্দশ পোপ লিও বলেছেন, “ধনী ও প্রভাবশালীরা শান্তিকে হুমকিতে ফেলছে।” বুধবার (১৫ এপ্রিল) ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার উপস্থিতিতে দেওয়া এক ভাষণে পোপ দেশটির সরকারকে দুর্নীতি নির্মূল এবং ‘ধনী ও প্রভাবশালীদের খেয়ালখুশি’ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুর্নীতির শৃঙ্খল ভাঙতে হবে। এই দুর্নীতি কর্তৃপক্ষকে কলঙ্কিত করে এবং তাদের গ্রহণযোগ্যতা কেড়ে নেয়।”
১৯৮২ সাল থেকে ক্যামেরুনের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বিয়া (৯৩), তার প্রধানমন্ত্রী জোসেফ ডিওন এনগুটেসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে পোপ সরাসরি দুর্নীতির সমালোচনা করেন এবং মানুষের হৃদয়কে মুনাফার ‘পৌত্তলিক তৃষ্ণা’ থেকে মুক্ত করার আহ্বান জানান। পোপের এই বক্তব্য চলাকালীন প্রেসিডেন্ট বিয়াকে নির্বিকার বসে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৫ সালে অষ্টম মেয়াদে বিয়ার নির্বাচনের আগে তার মেয়ে ব্রেন্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে তার বাবার বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। অবশ্য পরে তা মুছে ফেলা হয়।
পোপ ক্যামেরুনের ইংরেজি ভাষাভাষী অঞ্চলের দীর্ঘদিন ধরে চলা সংঘাত নিরসনেরও আহ্বান জানান। পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলে বোকো হারামের মতো জঙ্গি গোষ্ঠীর হামলার প্রসঙ্গ টেনে পোপ বলেন, যুদ্ধ তরুণ প্রজন্মের শিক্ষা ও ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। “আর যুদ্ধ নয়! মৃত্যু, ধ্বংস এবং নির্বাসনের যে অসহ্য যন্ত্রণা যুদ্ধ বয়ে আনে, তা এবার বন্ধ হোক,”বলেছেন তিনি।
শুক্রবার ক্যামেরুনের উপকূলীয় শহর ডুয়ালাতে পোপের এক গণপ্রার্থনায় বা ‘মাস’-এ প্রায় ৬ লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা ভ্যাটিকানের।