লসএঞ্জেলেস প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬
Shahnor Alam Sabuj
গত ৭ মার্চ নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো সিটির আলামেডা কাউন্টিতে বসবাসরত ইঞ্জিনিয়ার শাহনুর আলম সবুজ (৩৮) বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এর ১০ দিন পর ১৬ মার্চ একই নদীতে ভেসে উঠলো সবুজের লাশ। বগুড়ার সন্তান সবুজ ২০০৮ সালে অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। মৃত্যুকালে ৭ বছর বয়সী এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি। তারা সবুজের সাথেই বসবাস করছিলেন।
বগুড়ায় সবুজের মা এবং স্বজনেরা এ সংবাদ জেনে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছেন বলে জানা গেছে। সবুজের জানাযা ও দাফন ১৮ মার্চ বুধবার স্থানীয় সময় অপরাহ্ন ৪টায় আলামেডা কাউন্টির মুসলিম গোরস্থানে হওয়ার কথা।
স্বজন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, ৭ মার্চ দুপুরে ফিশিং স্পটে গিয়ে সবুজের পরে থাকা গাড়ি, দুইটা ফিশিং রড, জুতা ও ফিশ বাকেট পরিত্যক্ত অবস্থায় ছিল। একটা ফিশিং রড (হুইল সহ)এবং নেটও পাওয়া যাচ্ছিল না। সেই থেকেই ধারণা করা হচ্ছিল, বড় কোনো মাছ উঠাতে গিয়ে ওই নদীতেই (একুয়াডেক্ট) সবুজ পরে গিয়েছেন।

উল্লেখ্য, সবুজ সাঁতার জানতেন না। এরপর স্থানীয় পুলিশ ও নৌ-বাহিনীকে সংবাদ দেয়া হলে তারা দফায় দফায় তল্লাশি শুরু করেন। সবুজের বন্ধুরা জানান, মাছ ধরাটা সবুজের নেশায় পরিণত হয়েছিল। এমনি অবস্থায় তার নিখোঁজের সংবাদ মূলধারার গণমাধ্যমেও প্রচার ও প্রকাশিত হয়েছিল।
ইঞ্জিনিয়ার সবুজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ফয়সল তুহিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুকাভিনেতা কাজী মাশহুরুল হুদাসহ বিশিষ্টজনেরা।