নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান জোসেতে ফিফা বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের জন্য নির্ধারিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘ফ্যান জোনে’ গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ২৮ জুন ঘটে যাওয়া এই হামলায় ১ জন নিহত এবং অন্য ১ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সান জোসে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, গুলির পর ঘটনাস্থলেই ১ জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এই ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে এবং আলামত সুরক্ষায় আশেপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঘটনার সময় ওই ফ্যান জোনে বিশ্বকাপের কোনো ম্যাচ প্রদর্শন চলছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। ওই দিনের একমাত্র ম্যাচটি স্থানীয় সময় দুপুর ২টার দিকেই শেষ হয়েছিল।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সান জোসের সান পেড্রো স্কোয়ারে। সান ফ্রান্সিসকো বে এরিয়ার যে কয়েকটি স্থানে বড় পর্দায় সরাসরি বিশ্বকাপের ম্যাচ দেখানোর জন্য বিশাল ‘ওয়াচ পার্টি’ বা ফ্যান জোনের আয়োজন করা হচ্ছে, এটি তার অন্যতম।
চলমান টুর্নামেন্টে বে এরিয়াতে এখন পর্যন্ত বিশ্বকাপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে শেষ ম্যাচটি ছিল গত বুধবার, যেখানে নকআউট পর্বে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বসনিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের একজন সাংবাদিক ঘটনাস্থলে ব্যাপক পুলিশ উপস্থিতি এবং বেশ কয়েকটি পুলিশের গাড়ি দেখেছেন। এছাড়া ইউনিফর্ম পরা জরুরি সেবা কর্মীদের সাদা কাপড়ে আংশিক ঢাকা অবস্থায় ১ জনকে স্ট্রেচারে করে দ্রুত এলাকা থেকে সরিয়ে নিতে দেখা গেছে।
গোলাগুলির পর পুরো এলাকাটি অবরুদ্ধ করে ফেলা হয় এবং আশেপাশের বেশিরভাগ বার বন্ধ করে দেওয়া হয়।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ১ নিরাপত্তা কর্মী জানান, তিনি আহত ব্যক্তিকে রক্তাক্ত ও সংকটাপন্ন অবস্থায় দেখেছেন।
ওই নিরাপত্তা কর্মী বলেন, “আহত ব্যক্তিটি তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তার ঘাড় এবং পিঠের উপরের অংশে রক্ত লেগে ছিল। পুলিশ তখন সেখানে ডিউটিতে থাকা নিরাপত্তা কর্মী ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিল।”
রয়টার্স জানিয়েছে, খেলা দেখার জন্য বে এরিয়া জুড়ে এই ধরনের আরও কয়েক ডজন ফ্যান জোন রয়েছে।