নিউজ ডেস্ক
০৩ মে ২০২৬
Zamil Limon and Bristy
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, শনিবার রাত ৯.৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরাটসের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয় লিমনের কফিন।
মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলি সাবরিন সে সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তিনি পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন।
দুবাইয়ে ট্রানজিট হয়ে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল বিমান বন্দরে পৌঁছাবে লিমনের মরদেহ।
দূতাবাস জানিয়েছে, লিমনের সঙ্গে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহও দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় ট্যাম্পায় বৃষ্টির জানাজা হবে। মায়ামি কনস্যুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
লিমন ও বৃষ্টি দুজনেই ছিলেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডির শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।
১৬ এপ্রিল সকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের ফোন বন্ধ পেয়ে এবং কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে।
লিমনের লাশ উদ্ধারের পর ওইদিনই তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়।
এদিকে বৃষ্টির সন্ধানে তল্লাশি চলাকালে স্থানীয় একটি জলাশয় থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। পরীক্ষার পর ১ মে পরিবারকে জানানো হয়, ওই দেহাবশেষ বৃষ্টির।
লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে ফ্লোরিডার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক সাড়ে চার বছরের। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
পরিবারের পক্ষ থেকেও দ্বিমত ছিল না। তবে উচ্চ শিক্ষা শেষ করেই তারা বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই ঘটল মর্মান্তিক ঘটনা।
গত বৃহস্পতিবার ট্যাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা হয়। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির লোকজন লিমনের জানাজায় অংশ নেন।