মায়ামি বিমানবন্দরে কার্গো উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫

নিউজ ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ামি বিমানবন্দরে কার্গো উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫

Miami cargo plane accident

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার দুপুর ২টার একটু আগে প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ বিমানবন্দরটির আড়াআড়ি রানওয়ে থেকে বের হয়ে গিয়ে সেখানে থাকা বেশ কয়েকটি যানবাহনে আঘাত হানে। সংবাদ সম্মেলনে মায়ামি-ডেড ফায়ার রেসকিউ-র প্রধান রে জাদাল্লাহ জানান, এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক। উড়োজাহাজটির ধাক্কা লাগা যানবাহনগুলোর ভেতরে আরও অন্তত দুজন আটকা পড়েন আর পাইলট ও কো-পাইলটও বিমানটির ভেতরে আটকা পড়ে যান।

রয়টার্স জানিয়েছে, যারা মারা গেছেন কর্মকর্তারা তাদের পরিচয় প্রকাশ করেননি।

মায়ামি-ডেড ফায়ার রেসকিউ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর দমকলের ৬০টিরও বেশি উদ্ধারকারী ইউনিট ও প্রায় ২০০ জন কর্মী ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধারকাজ শুরু করেন।

জাদাল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি থেকে জ্বালানি চুইয়ে পড়ছিল, পরিস্থিতি সামাল দিতে জরুরি বিভাগের কর্মীরা বিকালেও কাজ করছিল।

এ দুর্ঘটনার পর বিমানবন্দরটি তাৎক্ষণিকভাবে সব ফ্লাইট চলাচল স্থগিত করেছিল, পরে সন্ধ্যার দিকে চারটি রানওয়ের মধ্যে দুটি ফের চালু করে।

কার্গো উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মায়ামিতে গিয়েছিল। এটি বোয়িংয়ের ৩২ বছর পুরনো একটি ৭৬৭-৩০০ ফ্রেইটার।

ফ্লাইট ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটরেডার২৪ এর তথ্য অনুযায়ী, এই কার্গো উড়োজাহাজটি ১৯৯৪ থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের হয়ে যাত্রীবাহী উড়োজাহাজ হিসেবে পরিচালিত হয়েছে।

অ্যামাজনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের হয়ে কার্গো এয়ারলাইন টোয়েন্টিওয়ান এয়ার এই উড়োজাহাজটি পরিচালনা করছিল।

দুর্ঘটনার পর রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, উড়োজাহাজটির সামনের অংশ মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে আর পেছনের লেজের অংশটি উধ্র্বমুখী। উড়োজাহাজটির ডান পাশের অংশটিতে পোড়া দাগের মতো কিছু একটা দেখা যাচ্ছিল।

ফ্লাইটরেডার২৪ জানিয়েছে, রানওয়ে থেকে বের হয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি ঘণ্টায় ১২৯ মাইল বেগে ছুটছিল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত