ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা ‘প্রায় সম্পূর্ণ’: ট্রাম্প

নিউজ ডেস্ক

২৪ মে ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা ‘প্রায় সম্পূর্ণ’: ট্রাম্প

Donald Trump

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ‘আলোচনা প্রায় সম্পূর্ণ হয়েছে’ আর এর বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে। শনিবার তিনি জানিয়েছেন, চুক্তিতে হরমুজ প্রণালি ফের খোলার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

কিন্তু ২৪ মে ইরানি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, চুক্তিটি ইরানকে প্রণালিটি পরিচালনা করার অনুমোদন দেবে আর হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি ‘বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান ‘কাছাকাছি আসছিল’। তবে তিনি সতর্ক করে বলেন, এর মানে এই নয় যে প্রধান মতপার্থক্যগুলো নিয়ে সমঝোতায় পৌঁছানো গেছে। আমেরিকানরা ‘পরস্পরবিরোধী বিবৃতি’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তিনি ‘শান্তি সম্পর্কিত একটি সমঝোতা স্মারক’ নিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও অন্য দেশগুলোর সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ করেছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তালিকাভুক্ত অন্য বিভিন্ন দেশের মধ্যে চূড়ান্তকরণ সাপেক্ষে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রায় সম্পূর্ণ হয়েছে। এখন চুক্তির চূড়ান্ত দিক ও অন্যান্য বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা চলছে আর শিগগিরই তা ঘোষণা করা হবে।”

বিবিসি জানিয়েছে, চুক্তির বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প কিন্তু জোর দিয়ে বলেছেন, যে কোনো চুক্তি ইরানকে একটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে ‘সম্পূর্ণভাবে’ বিরত রাখবে।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “শান্তি প্রতিষ্ঠায় তার তার অসাধারণ প্রচেষ্টার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন।” ট্রাম্পের ফোন কলটি ‘খুবই দরকারি ও ফলপ্রসূ’ ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির প্রচেষ্টায় প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন পাকিস্তান।

সামাজিক মাধ্যম এক্স এ শাহবাজ বলেছেন, “খুব শিগগির পরবর্তী পর্যায়ের বৈঠকেরও আয়োজক হওয়া আশা করছি আমরা।”

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালানোর মধ্য দিয়ে পশ্চিম এশিয়াজুড়ে বিস্তৃত হওয়া একটি যুদ্ধ শুরু করে। ইরান ইসরায়েল ও আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়ে এর জবাব দেয়।

এরপর ৭ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে আর ওই সময় থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘ মেয়াদি শান্তি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।

২৩ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি দুই পক্ষের মধ্যে একটি ‘সমঝোতা স্মারক’ হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ইরানের উদ্দেশ্য ছিল ১৪ দফা সম্বলিত কাঠামোর ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছানো।

বাকায়ি জানান, সমঝোতা স্মারকটি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে আছেন তারা, তাই আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে আরও আলোচনা হতে পারে আর তার মধ্য দিয়ে ‘একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যেতে পারে’।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০