প্রতি মাসে বদলাচ্ছে নিয়ম

নিউইয়র্কের অভিবাসী পরিবারগুলোর যা জানা দরকার

ফারহান আরিয়ান, এসকোয়ার

০২ অক্টোবর ২০২৬

নিউইয়র্কের অভিবাসী পরিবারগুলোর যা জানা দরকার

Farhan Aryan

প্রতি সপ্তাহে জ্যাকসন হাইটসে আমার অফিসে কেউ না কেউ একটা প্রিন্টআউট, হোয়াটসঅ্যাপে আসা কোনো মেসেজ, কিংবা অনলাইনে দেখা কোনো ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসেন। প্রশ্নটা প্রায় সবসময় একই। এই নতুন নিয়ম কি আমার ওপর প্রযোজ্য? বেশিরভাগ সময় সৎ উত্তরটা এক লাইনে দেওয়া যায় না, কারণ এ বছর অভিবাসন নীতি যত দ্রুত বদলেছে, আমার অভিজ্ঞতায় আগে কখনো এমন দেখিনি। কিছু পরিবর্তন কার্যকর হয়ে গেছে। কিছু আদালত আটকে দিয়েছে। আবার কিছু এখনো শুধু প্রস্তাব আকারে আছে। কোনটা কোন অবস্থায় আছে, সেটা জানার ওপর নির্ভর করে একটা পরিবার এখনই আবেদন করবে, অপেক্ষা করবে, নাকি বিদেশ ভ্রমণ বাতিল করবে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে পরিস্থিতি অনেকটা নিম্নরূপ :

নতুন গ্রিনকার্ড আবেদনের জন্য পাবলিক চার্জ নিয়ম বদলে গেছে :
আমাদের কমিউনিটিতে সবচেয়ে বেশি মানুষকে যে পরিবর্তনটা প্রভাবিত করবে, সেটা এই মাসেই কার্যকর হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে USCIS অফিসাররা গ্রিনকার্ড আবেদন অনুমোদনের সময় আরও বেশি ধরনের সরকারি সুবিধা বিবেচনায় নিতে পারবেন, যেমন ফুড স্ট্যাম্প, মেডিকেইড এবং হাউজিং ভাউচার। এই নিয়ম ২০২২ সালের নিয়মের জায়গা নিয়েছে, যেটা অনেক সীমিত ছিল। এখানে তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন পেছনের দিকে প্রযোজ্য নয়।

নতুন নীতি শুধু সেইসব অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস (I-485 ) আবেদনের ক্ষেত্রে খাটবে, যেগুলো ১৮ সেপ্টেম্বর ২০২৬ বা তার পরে পোস্ট বা ই-ফাইল করা হয়েছে। যাদের গ্রিনকার্ড আবেদন ওই তারিখের আগে জমা পড়েছে, তাদের আবেদন আগের তুলনামূলক অনুক‚ল ২০২২ সালের নীতি অনুযায়ী বিবেচনা করা হবে। আর যারা অ্যাসাইলাম পাওয়ার ভিত্তিতে গ্রিনকার্ডের আবেদন করছেন, তারা এই নতুন নীতির আওতায় পড়বেন না। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কারণ ইতিমধ্যেই দেখেছি ভয় পেয়ে অনেক পরিবার সরকারি সুবিধা বাতিল করে দিচ্ছেন। পাবলিক চার্জ নীতির পরিবর্তন কোনো অভিবাসীর সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা বদলায় না। আপনার মার্কিন নাগরিক সন্তানের মেডিকেইড প্রাপ্তি আর আপনার নিজে পাওয়া এক জিনিস নয়। কোনো সুবিধা বাদ দেওয়ার আগে নিজের কেস নিয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলুন। যে সুবিধা আপনি আইনত পাওয়ার যোগ্য, সেটা ছেড়ে দিলে পরিবারের ক্ষতি হতে পারে, অথচ আবেদনে হয়তো কোনো লাভই হবে না।

৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ আপাতত উঠে গেছে :
চলতি বছরের শুরুতে স্টেট ডিপার্টমেন্ট ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এতে অনেকের স্বামী-স্ত্রী ও বাবা-মা বিদেশে আটকে পড়েন। ম্যানহ্যাটনের একজন ফেডারেল বিচারক সেই নীতি বাতিল করে দিয়েছেন। রায়ে বলা হয়েছে, এটা পররাষ্ট্রমন্ত্রীর আইনি ক্ষমতার বাইরে ছিল এবং ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে জাতীয়তার ভিত্তিতে বৈষম্যের ওপর অভিবাসন আইনের যে নিষেধাজ্ঞা আছে, তা লঙ্ঘন করেছে। রায়টি আসে ২১ আগস্ট ২০২৬ তারিখে, এবং স্টেট ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে স্থগিতাদেশ আর কার্যকর নেই।
আপনার আত্মীয়ের কনস্যুলার কেস যদি আটকে থাকে, এখনই কনস্যুলেট বা ন্যাশনাল ভিসা সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন। সরকার আপিল করতে পারে, তাই অপেক্ষা করার কোনো কারণ নেই।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা আপাতত রেহাই পেয়েছেন :
DHS ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা তুলে দিতে চেয়েছিল। এই ব্যবস্থায়  F-1 শিক্ষার্থী ও  J-1 এক্সচেঞ্জ ভিজিটররা তাদের প্রোগ্রাম চালিয়ে যাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি ফেডারেল আদালত দেশব্যাপী প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করে নিয়মটি আটকে দেয়। ফলে এটি ১৫ সেপ্টেম্বর কার্যকর হয়নি, এবং মামলা চলাকালীন আগের নিয়মই বহাল আছে। তবে মামলা এখনো শেষ হয়নি। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে বা আপিলে বাতিল হলে নিয়মটি আবার কার্যকর হতে পারে। শিক্ষার্থীদের উচিত তাদের  I-20 বা DS-2019 হালনাগাদ রাখা এবং নিজ প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা।

এল সালভাদরের TPS ধারীরা অনিশ্চয়তায় :

প্রায় দুই লাখ সালভাদোরানের  TPS এর নির্ধারিত মেয়াদ ৯ সেপ্টেম্বর ২০২৬ পার হয়ে গেছে, কিন্তু DHS কোনো সমাপ্তির নোটিশ দেয়নি।  USCIS তাদের এল সালভাদর পেজে জানিয়েছে যে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে, এবং ততদিন পর্যন্ত TPS ধারী সালভাদোরানরা তাদের সুরক্ষা ও কাজের অনুমতি বহাল রাখবেন। আজকের জন্য এটা ভালো খবর, কিন্তু স্থায়ী সমাধান নয়। আপনার TPS থাকলে এখনই খোঁজ নিন, আরও স্থায়ী কোনো স্ট্যাটাসের জন্য আপনি যোগ্য কিনা।

যেসব জায়গা নিরাপদ মনে হতো, সেখানেও এখন ধরপাকড় :
এই বিষয়টা নিয়েই আমি সবচেয়ে বেশি চিন্তিত। সাম্প্রতিক মাসগুলোতে ICE দেশজুড়ে বিভিন্ন বিমানবন্দরে অনেক অভিবাসীকে আটক করেছে, যাদের মধ্যে এমন মানুষও আছেন যাদের আবেদন বিচারাধীন, বৈধ ওয়ার্ক পারমিট আছে, কিংবা যারা স্ট্যাটাস পরিবর্তনের প্রক্রিয়ায় আছেন। বহুল আলোচিত একটি ঘটনায়, মার্কিন সেনাবাহিনীর এক সদস্যের মাকে তার নিজের গ্রিনকার্ড ইন্টারভিউতে গ্রেপ্তার করে পরে দেশে ফেরত পাঠায় সংস্থাটি। এছাড়া USCIS তাদের পলিসি ম্যানুয়ালে নাগরিকত্ব বাতিলের (ডিন্যাচারালাইজেশন) জন্য কেস পাঠানোর বিষয়ে নির্দেশনা যোগ করেছে। এর মানে এই নয় যে আপনি ইন্টারভিউ বা চেক-ইন এড়িয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট মিস করলে সাধারণত পরিস্থিতি আরও খারাপ হয়। তবে আপনার অতীতে যদি এমন কিছু থাকে যা প্রশ্ন তুলতে পারে, যেমন পুরনো কোনো গ্রেপ্তার, আগের রিমুভাল অর্ডার, বা ভিসার মেয়াদ পেরিয়ে থাকা, তাহলে একা যাবেন না। আগে একজন আইনজীবীকে দিয়ে আপনার ফাইল দেখিয়ে নিন।

দেরি এখন স্বাভাবিক ব্যাপার :

সহজ, পরিষ্কার কেসেও মানুষকে এখন বেশি অপেক্ষা করতে হচ্ছে।  USCIS ২০২৬ সালে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম আবেদন নিষ্পত্তি করার পথে, আর তাদের জমে থাকা কেসের সংখ্যা রেকর্ড ১ কোটি ২১ লাখে পৌঁছেছে। এর ওপর রিকোয়েস্ট ফর এভিডেন্স (RFE) এবং নোটিস অব ইনটেন্ট টু ডিনাই (NOID) নিয়ে USCIS এর ৫ আগস্ট ২০২৬ তারিখের একটি পলিসি অ্যালার্ট সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। আমার প্র্যাকটিসে দেখছি অফিসাররা আগের চেয়ে বেশি কাগজপত্র চাইছেন। দুর্বল আবেদন হলে প্রশ্ন নিয়ে ফেরত আসার সম্ভাবনা বেশি। তাই প্রথমবারই ঠিকভাবে সাজিয়ে জমা দিন।

আমি আমার ক্লায়েন্টদের যা বলি :

আপনি যা কিছু জমা দিয়েছেন, সবকিছুর কপি রাখুন। আবেদন বিচারাধীন থাকলে আইনজীবীর পরামর্শ ছাড়া দেশের বাইরে যাবেন না। সোশ্যাল মিডিয়ার পরামর্শ এবং আইন চর্চার লাইসেন্স নেই এমন লোকের কথায় সাবধান থাকুন, কারণ একটা ভুল আবেদন অনেক সময় চিরতরে দরজা বন্ধ করে দিতে পারে। নোটিস টু অ্যাপিয়ার বা ICE কিংবা ইমিগ্রেশন কোর্ট থেকে কোনো চিঠি পেলে তা উপেক্ষা করবেন না। আইন পাল্টাচ্ছে, কিন্তু সবসময় একদিকে নয়। এ বছরের বড় বড় কয়েকটি পরিবর্তন আদালত আটকে দিয়েছে। যারা নিজেদের অধিকার জানেন এবং সঠিক তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেন, তারা গুজবের ওপর ভরসা করা মানুষের চেয়ে অনেক ভালো অবস্থানে থাকেন।

লেখক পরিচিতি : ফারহান আরিয়ান, এসকোয়ার, নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্কের ইস্টার্ন ও নর্দান ডিস্ট্রিক্টের ইউ.এস. ডিস্ট্রিক্ট কোর্টে অনুশীলনের অনুমতিপ্রাপ্ত একজন অ্যাটর্নি অ্যান্ড কাউন্সেলর-অ্যাট-ল। তিনি ল ফার্ম অকব ফারহান আরিয়ান পি.সি.-তে অভিবাসন, ব্যক্তিগত আঘাত (পার্সোনাল ইনজুরি) এবং রিয়েল এস্টেট আইন নিয়ে কাজ করেন। ঠিকানা:  72-35 Broadway, Suite 213, Jackson Heights, NY 11372 । যোগাযোগ: +1 (844) 343-2529 ext. 101 অথবা farhan@aryanlawfirm.com। ওয়েবসাইট: www.aryanlawfirm.com

বি.দ্র : এই লেখাটি সাধারণ তথ্যের জন্য, কোনো নির্দিষ্ট কেসের আইনি পরামর্শ নয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত