রাহাদ সুমন, বরিশাল
১৯ নভেম্বর ২০২৬
Nanok House in Barishal Receives Vandalism
আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তবে এতে বাড়িটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসভবনের নিচে থাকা গার্ডের রুমটির আংশিক ক্ষতি হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে বাসার জালানার গ্লাস ভাংচুর করে। এক পর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতা-কর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ালীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে এমন একটি খবর শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছুই জানতে পরিনি।