ঢাকা সংবাদদাতা
১৮ নভেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। সাঈদ খোকনকে ডিবিতে সোপর্দ করা হয়েছে বলেও যোগ করেন তিনি।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক এই রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে তার উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানি হওয়ার কথা।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ৮টার দিকে সাঈদ খোকনকে ডিবির কাছে সোপর্দ করেছে এসআরবি। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে সেটি তারাই ঠিক করবে।
এসআরবি কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী বেলা পৌনে ১২টায় বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। তাকে কোন মামলার গ্রেপ্তার দেখানো হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।
অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।