ঢাকা সংবাদদাতা
০৪ নভেম্বর ২০২৬
Iqbal Sobhan Chowdhury
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন স্টেশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
অপরদিকে গোয়েন্দা পুলিশের হাতে আটক ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দাপ্রধান শফিকুল ইসলাম। পরে বুধবার ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। ডিবি কার্যালয়ের প্রধান ফটক দিয়ে তাকে বেরিয়ে আসতে দেখেন সাংবাদিকরা।
এর আগে রাত সোয়া ১২টার দিকে তিনি জানান, ইকবাল সোবহানকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার সঙ্গে আটক সাংবাদিক রাজীব ঘোষ মুচলেকা দিয়ে ছাড়া পাচ্ছেন।
কিছু সময় পর অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল বিডিনিউজকে জানান, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ইকবাল সোবহান চৌধুরীকে।
তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট করা এ মামলায় ধারা ৩০২, ১০৯, ৩৪সহ বিস্ফোরক দ্রব্য আইনে আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এর আগে এদিন দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে টেলিভিশন স্টেশনটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। সে সময় প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।
ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও আছেন।
তাকে গ্রেপ্তারের পরপর ডিএমপির জনসংযোগ বিভাগের ডিসি আকতার হোসেন বলেছিলেন, “একটি খবর প্রচার কেন্দ্র করে ডিবিসিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কী সে বিষয়টি স্পষ্ট করেননি। তাদের গ্রেপ্তার করা হয়েছে কী না প্রশ্নে আকতার হোসেন বলেন, “না, তাদের সাথে ডিবি কথা বলছে।”
এই ঘটনার পর বিকেলে ডিবিসির কার্যালয়ে কথা বলতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক।
তিনি বলেন, “ডিবিসি অফিস থেকে যখন ইকবাল সোবহান চৌধুরী বের হচ্ছিলেন তখন তাকে রাস্তা থেকে নিয়ে গেছে ডিবি। কেনও তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে আমরা পরিষ্কার না। আমরা ধারণা করে বলতে পারি, জুলাই অভ্যুত্থানের সময়কার যে মামলা ছিল, সেই কেন্দ্রীক কিছু। আমরাও ডিবিসির পক্ষ থেকে জানার চেষ্টা করছি কেনও তাকে আটক করা হল।”
ডিবিসির সাংবাদিক রাজীব ঘোষকে নিয়ে যাওয়া প্রসঙ্গে মুক্তাদীর বলেন, “আমাদের আরেকজন সহকর্মীকে জিজ্ঞাসাবাদ না, জাস্ট ডিবি বলেছে, আপনি একটু চলেন, চা খাব।”
রাজীব ঘোষকেও রাস্তা থেকে ডিবি নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, “যেহেতু উনি ক্রাইম বিট করেন, ডিবিসির ক্রাইম চিফ তাই পুলিশের কর্মকর্তার সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। সেই সুবাদে তাকে কথা বলার জন্য নিয়ে গেছে।
“তাকে ধরে নিয়ে গেছে এটা আসলে ঠিক না। একমাত্র ইকবাল সোবহান চৌধুরীর ক্ষেত্রে বলা যায় তাকে ধরে নিয়ে যায়। রাজীব ঘোষের ক্ষেত্রে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ঠিক নয়।”