আওয়ামী লীগ-বিএনপি রিকনসিলিয়েশনের আলোচনায় নতুন মাত্রা

সাজ্জাদ হোসেন সবুজ

৩০ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপি রিকনসিলিয়েশনের আলোচনায় নতুন মাত্রা

Sheikh Hasina and Tarique Rahman

বাংলাদেশের রাজনীতিতে বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রিকনসিলিয়েশন বা পুনর্মিলন আদৌ সম্ভব কিনা তা নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর তা হয়েছে বর্তমানে ভারতে নির্বাসিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে ঘিরে। শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিশোধের ওপর নয়, বরং পুনর্মিলনের ওপর গড়ে উঠতে হবে।”

গত ১৯ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেস ক্লাবে থিঙ্ক ট্যাঙ্ক “সেন্টার ফর ইউএস-বাংলাদেশ রিলেশনস” আয়োজিত এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রিকনসিলিয়েশন নিয়ে তাঁর এই ইতিবাচক মনোভাবের পর রাজনৈতিক অঙ্গনে এই বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এনিয়ে কিছুটা আশার আলোও দেখতে পাচ্ছেন। তাঁরা মনে করছেন দুই পক্ষই যদি খোলা মন এবং পরস্পরকে আস্থায় নিয়ে দেশ ও জনগণের স্বার্থে এগিয়ে আসেন তাহলে বর্তমান বাস্তবতায় এই রিকনসিলিয়েশন বা পুনর্মিলন অসম্ভব নয়। তাঁদের অভিমত হচ্ছে এই রিকনসিলিয়েশন খুবই জরুরি এবং এটা যত দ্রুত হবে ততই সবার জন্য মঙ্গলজনক হবে।

সংবাদ সম্মেলনে সেদিন শেখ হাসিনা ঠিক কি বলেছিলেন:
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের সমর্থক এবং বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক দৃশ্যপট থেকে মুছে ফেলা যাবে না। “একইভাবে, যারা আমার সরকারের বিরোধিতা করেছে তারাও দেশের নাগরিক, যাদের অধিকারকে সম্মান করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিশোধের ওপর নয়, বরং পুনর্মিলনের ওপর গড়ে উঠতে হবে।”

তিনি বলেন, “আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে রাজনৈতিক প্রতিপক্ষরা রাস্তায় সংঘাতের বদলে সংলাপে বসবে। যেখানে ভোটাররা নির্বাচন নির্ধারণ করবে, সহিংসতা নয়। যেখানে সাংবাদিকরা ভয় ছাড়াই রিপোর্ট করবে, যেখানে তরুণরা স্বাধীনভাবে সমালোচনা করতে পারবে।”

আওয়ামী লীগ সভানেত্রী বলেন গণতন্ত্রে রাজনৈতিক মতবিরোধ স্বাভাবিক এবং প্রয়োজনীয় এবং সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু গণতন্ত্র তখনই টিকে থাকে যখন ভিন্নমতকে সমস্ত রাজনৈতিক দলকে বাদ দেওয়া বা লক্ষ লক্ষ নাগরিককে নীরব করার অজুহাত হিসেবে ব্যবহার করা হয় না। তিনি বলেন, বাংলাদেশের এমন একটি রাজনৈতিক পরিবেশ প্রয়োজন যেখানে প্রতিটি নাগরিক তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, ধর্ম, লিঙ্গ, সামাজিক মর্যাদা বা অঞ্চল নির্বিশেষে দেশের ভবিষ্যৎ গঠনে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে।

শেখ হাসিনা বলেন, “আমি আমার সরকারের চারপাশের কঠিন প্রশ্নগুলি, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে অবগত। আমি এসব প্রশ্নকে স্বাগত জানাই এবং সেগুলোর উত্তর দিতে প্রস্তুত।”
তিনি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ বিচারের দাবি করে বলেন, “আমার ব্যক্তিসত্তাসহ যে কারও বিরুদ্ধে অভিযোগগুলি রাজনৈতিক ঘোষণার পরিবর্তে সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা উচিত।”
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার, বেআইনিভাবে আটক হওয়া ব্যক্তি এবং যারা ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে, তাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। “ন্যায়বিচার ছাড়া কোনও স্থায়ী শান্তি হতে পারে না, আর যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কোনও ন্যায়বিচার হতে পারে না।”

শেখ হাসিনা বলেন, “বছরের পর বছর ধরে বাংলাদেশের জনগণ আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। ইতিহাস আমার সরকারের বিচার করবে, তবে বাংলাদেশ যে উল্লেখযোগ্য রূপান্তর অর্জন করেছে—অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো, বিদ্যুৎ সুবিধা, ডিজিটাল সংযোগ, দারিদ্র্য বিমোচন এবং বৈশ্বিক অবস্থান—তাও ইতিহাস স্বীকার করবে।

রিকনসিলিয়েশনের বিষয়টি সর্বপ্রথমে সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গত ৬ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয়। তিনি বলেন, ‌‌”দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়, বরং এমন উদ্যোগ হলে ভালো হতো। তবে রিকনসিলিয়েশনের আগে এর মৌলিক ভিত্তি কী হবে, সেটি নিশ্চিত করা জরুরি।”

ডা. জাহেদ বলেন, “মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি হলে এ নিয়ে আলোচনা হতে পারে।”

তথ্য উপদেষ্টা আরও বলেন, শুধু আলোচনার মাধ্যমে রিকনসিলিয়েশন শুরু করলেই হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও পারস্পরিক অবস্থান স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব। “পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে। দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে,” যোগ করেন তিনি।

তবে ডা. জাহেদের রিকন্সিলিয়েশন বা সমঝোতার প্রস্তাব তখন সরাসরি নাকচ করে দিয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি মন্তব্য করেছেন সমঝোতার ধারণাটি ষড়যন্ত্রকারীদের একটি কৌশল মাত্র; এটি জনগণের গণতান্ত্রিক অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টার—উভয়েরই পরিপন্থী।

আরাফাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “তাদের কে বলেছে যে আওয়ামী লীগ সমঝোতা চায়? আওয়ামী লীগ কোনো ধরনের সমঝোতা চায় না। আমরা কেবল চাই জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হোক, যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের সরকার নিজেরাই বেছে নিতে পারে—দেশের শাসনভার এমন কিছু দুর্বৃত্তের হাতে ছেড়ে না দিয়ে যারা অবৈধ উপায়ে ক্ষমতা দখল করেছিল এবং পরবর্তীতে একতরফা ও কারচুপিপূর্ণ নির্বাচন করেছিল।”

“আমরা একটি স্বাধীন বিচার ব্যবস্থাও চাই, যাতে রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট নির্বিশেষে সবার ন্যায়বিচার নিশ্চিত করা যায়। বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং দেশটি শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ফিরে আসে—আমাদের চাওয়া এটুকুই।”

“বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও ন্যায়বিচার—উভয়ই অপহৃত হয়েছে এবং রাষ্ট্রব্যবস্থা একদল দুর্বৃত্তের কবজায় চলে গেছে,” যোগ করেন আরাফাত। অবশ্য ডা. জাহেদ যখন সমঝোতার কথা বলছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন ঠিক তার উল্টো।

গত ৫ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই।

ডেপুটি স্পিকার বলেন দলটির নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ আলাদা বিষয় হলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে জনগণের ওপর সহিংসতা চালানোর সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তবে একই অধিবেশনে বাংলাদেশসহ দক্ষিণ আফ্রিকা, কম্বোডিয়া, ভারত ও নেপাল থেকে আসা বেশিরভাগ শিক্ষক ও গবেষকরা ন্যায়বিচার, জবাবদিহি ও রিকনসিলিয়েশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

তারা বলেন অপরাধের বিচার জরুরি। সেই সঙ্গে দরকার রিকনসিলিয়েশন বা পুনর্মিলন। তা না হলে সমাজ গভীরভাবে বিভক্ত থাকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ, পার্বত্য অঞ্চলে সহিংসতা এবং “জুলাই গণ-অভ্যুত্থানের” সময় সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তেমনি দরকার রিকনসিলিয়েশন।

নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারনেশনাল কো-অপারেশন অ্যান্ড এনগেজমেন্টের গবেষণা পরিচালক প্রমোদ জয়সওয়াল মনে করেন, ন্যায়বিচার দরকার। তবে রিকনসিলিয়েশন না হলে সমাজ গভীরভাবে বিভক্ত থাকতে পারে। দক্ষিণ আফ্রিকার উইটস বিশ্ববিদ্যালয়ের গবেষক মাদালিৎসো জিলিলো ফিরি বলেন, দক্ষিণ আফ্রিকায় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন (সত্য ও পুনর্মিলন কমিশন) হয়েছিল, যা একটি নতুন সমাজ কল্পনার পূর্বশর্ত ছিল। তা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কারণ, উদারনৈতিক প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক বন্দোবস্ত সাম্যের সব প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়নি।

কম্বোডিয়া গৃহযুদ্ধের শিকার এবং সেখানে রিকনসিলিয়েশনের প্রচেষ্টা ১৯৯১ সালের আগেই শুরু হয়েছিল বলে উল্লেখ করেন দেশটির সেন্টার ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের নির্বাহী পরিচালক নিকি সিঙ্গার। তিনি বলেন, কম্বোডিয়ায় জাতীয় রিকনসিলিয়েশনের আওতায় ১৯৯৮ সালে খেমার রুজ (বিদ্রোহী গোষ্ঠী) সৈন্যদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং নিরস্ত্রীকরণ করা হয়।

বর্তমান বাস্তবতায় সরকার এবং আওয়ামী লীগের মধ্যে রিকনসিলিয়েশন বা সমঝোতা অসম্ভব মনে হলেও রাজনৈতিক সচেতন অধিকাংশ মানুষ মনে করেন দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে দুই পক্ষের মধ্যে এই রিকনসিলিয়েশন বা সমঝোতা খুবই জরুরি এবং এটা যত দ্রুত হবে ততই সবার জন্য মঙ্গলজনক হবে।

তাদের অভিমত হচ্ছে এই জন্য সরকারকে সর্বাগ্রে খোলামন নিয়ে এগিয়ে আসতে হবে এবং দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল যেই দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং যেই দল সবচেয়ে বেশি সময় অর্থাৎ ছয় বার দেশ পরিচালনা করেছে সেই আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সকল দলের অংশগ্রহণে দ্রুত একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত