রাহাদ সুমন, বরিশাল
২৯ সেপ্টেম্বর ২০২৬
Three Friends died in Bike accidents
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতরা হলেন আটিপাড়া গ্রামের বাসিন্দা কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) ও পাশ্ববর্তী ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানিয়েছেন, তিন বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া নামক এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী সুরভী পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক সৌরভ ঢালীসহ আরোহী মোস্তাকিক ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক পরিবহনটিকে আটক করতে সক্ষম হলেও চালকসহ স্টাফরা পালিয়ে গেছে।
এ ঘটনায় পর প্রায় আধাঘণ্টা মহাসড়কে সবধরনের যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। ওসি (তদন্ত) ফারুক হোসেন আরও জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।