জন্মসূত্রে নাগরিকত্ব : সুযোগ সীমিত করতে ট্রাম্পের নির্বাহী আদেশ

নিউজ ডেস্ক

০৭ আগস্ট ২০২৬

জন্মসূত্রে নাগরিকত্ব : সুযোগ সীমিত করতে ট্রাম্পের নির্বাহী আদেশ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ সীমিত করার লক্ষ্যে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা রোধ করা।

৬ আগস্ট জারিকৃত নতুন আদেশের আওতায় ভবিষ্যতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব না দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিদেশি সরকারি কর্মকর্তাদের (কূটনীতিক) সন্তান, প্রশাসনের ভাষায় ‘শত্রুভাবাপন্ন বিদেশি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের সন্তান এবং প্রসূতি পর্যটনের মাধ্যমে জন্ম নেয়া শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে অ-নাগরিক পিতামাতার ঘরে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব সীমিত করার ট্রাম্পের একটি বিস্তৃত নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টে কার্যকর হতে পারেনি। ৩০ জুন আদালত চতুর্দশতম সংশোধনীর দীর্ঘদিনের ব্যাখ্যা বহাল রেখে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া শিশুদের নাগরিকত্বের সাংবিধানিক ভিত্তি পুনর্ব্যক্ত করেছে।

নতুন আরেকটি নির্বাহী আদেশে স্টেট ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে প্রসূতি পর্যটনের সঙ্গে জড়িত নেটওয়ার্ক চিহ্নিত করা, ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং নজরদারি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। প্রশাসনের দাবি, কিছু বিদেশি নাগরিক সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেয়ার উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে ভিজিট ভিসা ব্যবহার করছেন। তবে সমালোচকদের মতে, সংবিধানের চতুর্দশতম সংশোধনী যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় সব শিশুকেই নাগরিকত্বের অধিকার দেয়। ফলে নির্বাহী আদেশের মাধ্যমে সেই অধিকার সীমিত করার চেষ্টা আদালতে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বিশ্লেষকদের ধারণা, জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের এই আদেশ যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক আবারো তীব্র হতে পারে। কারণ এর আগে একই ধরনের আদেশের বিরুদ্ধে সারা আমেরিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরীর পাশাপাশি আইনি লড়াইয়েও অবতীর্ণ হয়েছিল মানবাধিকার ও নাগরিক অধিকার নিয়ে কর্মরত সংস্থাগুলো। রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষেরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত