ঢাকা সংবাদদাতা
১৩ জুন ২০২৬
Tarique Rahman
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ‘অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করতে’ বিরোধী দল প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। ১৩ জুন সকালে কক্সবাজারর সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতিলী খাল পুন:খনন কাজ উদ্বোধনের পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “খবরের কাগজগুলোতে দেখলাম, আলহামদুলিল্লাহ, এইবার বাজেটের পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি।
“কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই দুইদিন আগের বাজেটে ৬০টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। এর উদ্দেশ্য লক্ষ্য একটাই. দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে।”
তিনি বলেন, “বিরোধী দল বলছে যে এই বাজেট তারা মানে না, এই গণবিরোধ বাজেট তারা মানে না। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না।
“যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?”
সরকারপ্রধান বলেন, “তাদের (বিরোধী দল) লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়।
“তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীতা-অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা।’’
বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন এ বাজেট সবার জন্য।
অন্যদিকে বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী’ এবং বাস্তবায়ন অযোগ্য ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। বাজেট ঘোষণার পরদিন জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “অবিলম্বে এই উচ্চাভিলাষী ও লুটপাটনির্ভর বাজেট সংশোধন করে বিনিয়োগবান্ধব, কর্মসংস্থানমুখী ও জনকল্যাণমূলক বাজেট প্রণয়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।”