ফ্লোরিডায় ট্রাম্পের নামে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল ২০২৬

ফ্লোরিডায় ট্রাম্পের নামে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর

Trump-Florida-Airport

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখার বিলে সই করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। সোমবার (৩০ মার্চ) ডিস্যান্টিসের এই অনুমোদন দেন। তবে এখন ‘ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’-এর ছাড়পত্রের প্রয়োজন রয়েছে। এই ছাড়পত্র মিললেই আগামী ১ জুলাই থেকে নতুন এই নাম কার্যকর হবে।

গত বছরই ফ্লোরিডা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল, মায়ামিতে একটি পাঠাগার তৈরি করা হবে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করা হবে। তারপরই পাম বিচ বিমানবন্দরের নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্পের নামে বিমানবন্দরের নাম রাখার বিল ফ্লোরিডার হাউজ এবং সেনেটে পাস হয়েছিল ফেব্রুয়ারিতে। সে সময় ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান এই নতুন নামের জন্য ট্রেডমার্ক আবেদন করেছিল। তাছাড়া বিমানবন্দরের তিন অক্ষরের কোড ‘পিবিআই’ বদলে ট্রাম্পের আদ্যক্ষর অনুযায়ী ‘ডিজিটি’ করার জন্য গত সপ্তাহে আইনপ্রণেতা ব্রায়ান মাস্ট একটি বিল উত্থাপন করেছেন।

ওদিকে মায়ামিতে পাঠাগার তৈরির পরিকল্পনাও এগোচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লাইব্রেরির একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে বিশাল এক গগনচুম্বী অট্টালিকার নকশা দেখা গেছে। সেখানে ২০১৫ সালের নির্বাচনী প্রচারণার আদলে একটি সোনালি এসকেলেটর এবং ট্রাম্পের একটি বিশাল সোনালি মূর্তিও থাকবে। মায়ামিভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান ‘বারমেলো আজামিল’ এই পাঠাগারের নকশা করেছে।

বিমানবন্দর বা লাইব্রেরিই নয়, ট্রাম্পের নাম এখন মার্কিন প্রশাসনের নানা স্তরে ছড়িয়ে পড়ছে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই গ্রীষ্ম থেকে যুক্তরাষ্ট্রের কাগজের মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর থাকবে। কোনও বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর সংবলিত মুদ্রা যুক্তরাষ্ট্রে এটিই প্রথম। তাছাড়া, নৌবাহিনীর নতুন শ্রেণির রণতরী, ধনকুবের বিদেশিদের জন্য ভিসা প্রোগ্রাম, সরকারি প্রেসক্রিপশন ড্রাগ ওয়েবসাইট এবং শিশুদের জন্য তৈরি ফেডারেল সেভিংস অ্যাকাউন্টেও ট্রাম্পের নাম যুক্ত করা হয়েছে।

এর আগে গত ডিসেম্বরে জন এফ কেনেডি সেন্টার এবং ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস-এর ভবনেও ট্রাম্পের নাম যোগ করা হয়। এমনকি, যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের ছবি সংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রাও অনুমোদন করেছে ফেডারেল আর্টস প্যানেল। নিউইয়র্ক রাজ্যের বাসিন্দা ট্রাম্প ২০১৯ সালে স্থায়ীভাবে ফ্লোরিডায় চলে যান এবং বর্তমানে ওয়েস্ট পাম বিচের মার-এ-লাগোতে তার বাসভবন আছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১